২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩জন, আহত অর্ধশতাধিক

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁপাই নবাবগঞ্জে শুক্রবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিডিনিউজের প্রতিনিধিরা এসব তথ্য জানান।

ঢাকার ধামরাই, খিলগাঁও ও বঙ্গবাজারে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ আট জন নিহত হয়েছে।

বিডিনিউজের ধামরাই প্রতিনিধি জানান, ধামরাইর ছিলামপুর বাসস্ট্যান্ডের কাছে দুটি যাত্রীবাহী বাসের মূখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক জন আহত হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ সব ঘটনায় এলাকাবাসী স্থানীয় সড়ক বন্ধ করে দেয়। এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

সন্ধ্যা সাড়ে সাতটায় ধামরাইর ছিলামপুরে ঢাকা থেকে আরিচাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ধামরাই-ঢাকা রুটের একটি বাসের মূখোমুখি সংঘর্ষ হয়।

ধামরাই- ঢাকা রুটের বাসটি বরযাত্রী নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এতে দুই বাসের আরো ৫০ জনের বেশি যাত্রী আহত হয়।

অন্যদিকে একই সময়ে খিলগাঁ’র সিপাহীবাগ এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭ টায় ট্রাক চাপায় খুলনা মূক ও বধির স্কুলের প্রধান শিক্ষক এমএ তাহের (৬৫) ও অজ্ঞাত পরিচয়ের এক রিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন।

খিলাগাঁয় এমএ তাহের সিপাহীবাগ থেকে ওষুধ কিনে তার ৩৩১ মেরাদিয়ার বাসায় ফিরছিলেন।

এ সময় একটি ভারী মেশিনবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার রিকসার ওপর পড়ে যায়। এতে ট্রাক চাঁপা পড়ে চালক ও শিক্ষক তাহেরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ট্রাকটি পুলিশ আটক করেছে।

বিডিনিউজের চট্টগ্রাম প্রতিনিধি জানায়, বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায় শুক্রবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় এক শিশুসন্তান ও দুজন মহিলা নিহত হয়েছে।

নিহত সাজেদা বেগম (৩০) ও তার ১৮ মাস বয়সী শিশুপুত্র বুলবুল আখতারের বাড়ি নগরীর খানকানাবাদের রায়ছড়া গ্রামে।

দুর্ঘটনায় তাদের আত্মীয়া উপজেলার কালিপুর ইউনিয়নের বাগোওয়ান পাড়ার মনোয়ারা বেগমও (৩৩) নিহত হয়।

শুক্রবার বিকালে ২টার দিকে অটো রিকশায় চেপে তিনজনে মিলে বাঁশখালী যাওয়ার সময় সাধনপুর এলাকায় ইটবোঝাই একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

এতে তিনজনই ঘটনাস্থলে নিহত হয়।

বিডিনিউজের কক্সবাজার প্রতিনিধি জানান, পর্যটন জেলা কক্সবাজারের চকরিয়ায় শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় দুজন মোটর সাইকেল আরোহী নিহত হয়।

নিহত আনিসুর রহমান চৌধুরীর বাড়ি পেকুয়ায়। অপর নিহত নাসির উদ্দিনের ঠিকানা জানা যায়নি।

জানা যায়, শুক্রবার ভোর রাতে পেকুয়া থেকে চকরিয়া সদরে আসার পথে জিদ্দাবাজার নামক স্থানে একটি পিকআপ আরেকটি মোটর সাইকেলকে চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পেকুয়ার আনিসুর রহমান চৌধুরী মারা যায়।

দুর্ঘটনায় আহত অপর মোটর সাইকেল আরোহী নাসির উদ্দিন (৩৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

বিডিনিউজের চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারে শুক্রবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়।

নিহত হুমায়ুন কবির ঈসা (১০) জগত গ্রামের লুটু মিয়ার ছেলে। সে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো।