সাগরে ২১ ট্রলারে ডাকাতি, আহত ৩০
বঙ্গোপসাগরে জলদস্যুরা শুক্রবার রাতে ২১টি মাছ ধরার ট্রলার থেকে ২০ লক্ষাধিক টাকার জাল ও মাছ লুট করেছে। তাদের হামলায় আহত হয়েছে অন্তত ৩০ জেলে।
জলদস্যুরা কয়েকটি দলে ভাগ হয়ে সাগরের বিভিন্ন এলাকায় ডাকাতি চালায়।
সাগর থেকে ফিরে আসা জেলেরা জানায়, ট্রলারে আসা ২০/২২ জন জলদস্যু অস্ত্রের মুখে তাদের জিম্মি করে লুটপাট চালায়। তারা বিভিন্ন ট্রলার থেকে ২০ লক্ষাধিক টাকার জাল ও মাছ নিয়ে যায়।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহাম্মদ সরকার জানান, ট্রলারে ডাকতির খবর তিনি শুনেছেন। দস্যুদের ধরতে টহল জোরদার করা হয়েছে।
