২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া ভবনের আইনজীবীরা এরশাদের বিরুদ্ধে লড়ছেন: ব্যারিস্টার রফিক

হাওয়া ভবন এখন দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক। তিনি বলেন, নির্বাচন কমিশনে দায়ের করা এরশাদের আবেদনের বিরুদ্ধে লড়ার জন্য হাওয়া ভবন থেকে পাঁচজন ব্যারিস্টার পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর ১২(১)(ক)(১) ধারা উল্লেখ করে এরশাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই ধারাটি প্রযোজ্য হবে নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ করলে। এরশাদ নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ করেননি।”

হাওয়া ভবন এখন দেশ চালাচ্ছে অভিযোগ করে রফিক উল হক বলেন, “এরশাদের বিরুদ্ধে মামলা লড়ার জন্য হাওয়া ভবন থেকে কী করে পাঁচজন ব্যারিস্টার পাঠানো হয়। এসব আইনজীবীর মধ্যে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনার সনদই হয়নি এমন আইনজীবীও রয়েছেন।”

রফিক উল হক বলেন, “আমাদের বিরুদ্ধে লড়বে বলে ব্যারিস্টার অসীম, ব্যারিস্টার কাজলসহ হাওয়া ভবনের পাঁচ ব্যারিস্টার ইতিমধ্যে আমাদের আবেদনের অনুলিপি নিয়ে গেছে।”

রফিক উল হক বলেন, এরশাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন। সিএমপি ২০৬/২০০৬ নম্বরের ওই আবেদন এখনও বিচারাধীন বলে এরশাদের মনোনয়ন পত্র বাতিল করা বেআইনি।

জাপানি নৌযান ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় নিজ মক্কেলের পক্ষে যুক্তি দিতে গিয়ে রফিক উল হক ৪৮ নম্বর ডিএলআরে মুহিদুল ইসলাম বনাম নির্বাচন কমিশন মামলায় আপিল বিভাগের রায়ের উদাহরণ দেন।

ব্যারিস্টার রফিক বলেন, মুহিদুল ইসলামের মামলাটি নিষ্পত্তি করতে গিয়ে সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, মোস্তফা কামাল ও লতিফুর রহমান এবং বিচারপতি বি বি রায় চৌধুরী বলেছিলেন, সুপ্রিম কোর্টে আপিল বিচারাধীন থাকলে নির্বাচন করা যাবে।”

বিষয়টি ব্যাখ্যা করে ব্যারিস্টার রফিক বলেন, “জাপানি নৌযান ক্রয় মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরশাদের আপিল এখন বিচারাধীন। একই বিষয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের নজির অনুযায়ী এরশাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ওই মামলায় বলা হয়েছিল আপিল বিবেচনাধীন থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। উচ্চ আদালতের ওই রায় নির্বাচন কমিশনসহ সকলে মানতে বাধ্য।”

নির্বাচন কমিশনে আপিলের পর এরশাদের জন্য আর কী পথ খোলা রয়েছে এ প্রশ্নের জবাবে ব্যারিস্টার হক বলেন, নির্বাচন কমিশন যদি তার রায়ে বা বিচার প্রক্রিয়ায় ‘কোরাম নন জুডিস’ (এখতিয়ার বহির্ভূত) বা ‘ম্যালিস ইন ল’ (বেআইনি) করেন তাহলে তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করা যাবে। তাছাড়া নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টের নির্বাচনী ট্রাইবুনাল রয়েছে বলে তিনি জানান।

ঢাকার রিটার্নিং কর্মকর্তা এরশাদের আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনে পাঠিয়ে ভুল করেছেন বলে দাবি করেন ব্যারিস্টার রফিক উল হক। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা হয় মিথ্যা কথা বলেছে নতুবা ভুল ভাবে পাঠিয়েছে। যে আইনের কথা বলে এরশাদের মনোনয়নপত্র বাতিল করেছে তাও ভুলভাবে করেছে রিটার্নিং কর্মকর্তা।

গত ২৬ ডিসেম্বর জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে নিু আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই রায় স্থগিত করার জন্য এরশাদের দায়ের করা আবেদন নাকচ করে দেন আপিল বিভাগ। তবে আদালত এরশাদের দায়ের করা লিভ টু আপিল আবেদনের ওপর কোন আদেশ প্রদান করেননি।