খেলাফত মজলিসের সঙ্গে চুক্তির প্রতিবাদে সুধা সদনের সামনে নাগরিক সমাজের বিক্ষোভ
খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তির পক্ষে শেখ হাসিনার যুক্তির সঙ্গে জঙ্গি মৌলবাদ বিরোধী নাগরিক সমাজ একমত নয়।
শনিবার সকাল ১১টা থেকে সচেতন নাগরিক সমাজ এ চুক্তির প্রতিবাদে সুধা সদনের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে। পরে অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এসময় তারা শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপিও দেন।
বৈঠক শেষে অধ্যাপক কবীর চৌধুরী বলেন, “খেলাফত মজলিসের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ঠিক হয়নি। এটি ধর্ম নিরপেক্ষ চেতনার বিরুদ্ধে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার যে আকাঙ্খা আমাদের আছে এবং বঙ্গবন্ধুর ছিল-এ চুক্তি তার বিরুদ্ধে।”
বৈঠক প্রসঙ্গে কবীর বলেন, “বৈঠকে শেখ হাসিনা তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন। তবে আমরা তার সঙ্গে দ্বিমত পোষণ করি।”
১১ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক অজয় রায়, সাবেক সাংসদ তাসমিমা হোসেন, মাহফুজা খানম, রবিউল হোসাইন, শ্যামলী নাসরিন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিনী, এ্যাডভোকেট জিয়াদ আল মালুম, শামীম আক্তার ও সারা যাকের।
শাহরিয়ার কবির জানান, “শেখ হাসিনা বলেছেন স্মারক সমঝোতা করে ধর্ম নিরপেক্ষতার চরিত্র ক্ষুন্ন হয়নি। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ থাকবে।”
তিনি আরও জানান, “শেখ হাসিনা মনে করছেন ওই চুক্তি করে তাদের একটি বিরাট বিজয় হয়েছে। শায়খুল হাদিসের মতো লোককেও ধর্ম নিরপেক্ষতার পক্ষে কথা বলতে হয়েছে। শায়খুল হাদিস আজিজুল হক এর মধ্যে বিবৃতি দিয়ে বলেছেন, ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা নয়। এতকাল মৌলবাদীরা ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা বলেছেন।”
শাহরিয়ার কবির বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি খেলাফত মজলিস এমন কোন দল বা শক্তি নয় যার সাথে আওয়ামী লীগের চুক্তি করতে হবে। আমরা এটাকে অগ্রহণযোগ্য মনেকরি।”
তিনি জানান, তাদের অবস্থান প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের প্রেক্ষিতে কিছু কৌশলগত অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা থেকে পিছিয়ে আসেনি।
শাহরিয়ার কবির খেলাফত মজলিসের সঙ্গে চুক্তির বিরোধীতা করে বলেন, “আমরা যেমন স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের দল জামায়াত ইসলামীর বিরোধীতা করি তেমনি শায়খুল হাদীসের মত জঙ্গি ও মৌলবাদীদের সংসদ সদস্য হিসেবেও বিরোধীতা করি।”
