২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দু’টি ইউনিয়নে পুলিশ বৃহস্পতিবার রাতে তিন শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটকের পর টাকার বিনিময়ে প্রায় সবাইকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কিসমতগণকৈড় ও নওপাড়া ইউনিয়নে তিন শতাধিক পুৃলিশের একটি দল সন্ত্রাসী আটক অভিযানে নামে।

দুটি ইউনিয়নের ২৫টি গ্রামে একযোগে অভিযান চালানো হয়। এর নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার মাহবুব আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোজাম্মেল হক।

অভিযানে আটক ৩২২ জনকে শুক্রবার সকালে দুই ইউনিয়নের মাঝামাঝি আলিপুর মাদ্রাসা মাঠে জড়ো করা হয়।

প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করে জানান, মাদ্রাসা মাঠ থেকে টাকা নিয়ে অনেককেই ছেড়ে দেয় পুলিশ। যারা তাৎক্ষণিকভাবে টাকা দিতে পারেনি তাদের দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে অর্থের বিনিময়ে ছাড়া পান অনেকে।

শুক্রবার সন্ধ্যার পর আটক ছিলেন ১০ জন। এদের মধ্যে মোজাফফর ও নূরুল হুদাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আলিপুর গ্রামের ইউনুস জানান, গভীর রাতে পুলিশ বাসায় ঢুকে কোনো কথা না বলেই তিন ভাই ইউনুস, সাত্তার ও রিয়াজুলকে তুলে নিয়ে যায়। পরে আট হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়।

একইভাবে উজানখোলসী গ্রাম থেকে স্কুল শিক্ষক মোখলেস ও তার ছেলেকে নিয়ে যায় পুলিশ। সাড়ে পাঁচ হাজার টাকায় মুক্তি পান তারা। আলিপুর কারিগরী কলেজের অধ্যক্ষকেও আটক করে পুলিশ।

আটককৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছেন রাজশাহী-৪ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে মহাজোট প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা যাতে বাড়িতে থাকতে না পারে সেজন্য পুলিশ এই অভিযান চালিয়েছে।

তাদের কারও নামে কোনো মামলা মোকদ্দমা না থাকলেও কেন এই আটক অভিযান-এ প্রশ্নের উত্তর দেননি রাজশাহীর পুলিশ সুপার। তবে তিনি বলেন, এটা তাদের রুটিন কাজ।

অন্যদিকে দুর্গাপুর থানার ওসি ইসাহাক আলি টাকা পয়সা নিয়ে কাউকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, এই ধরনের অভিযান এখন থেকে মাঝে মাধ্যেই চালানো হবে। তবে অভিযানের উদ্দেশ্য তিনি জানাননি।