প্রতিবন্ধীদের নাম তোলা হচ্ছে না ভোটার তালিকায়
বিভিন্ন কারণ দেখিয়ে প্রতিবন্ধীদের নাম ভোটার তালিকায় তোলা হচ্ছে না। এর জন্য নানা রকমের অজুহাত দেখানো হচ্ছে।
অ্যাকশন এইড, সাইটস সেভারস ইন্টারন্যাশনাল ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটি ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম (এনএফওডব্লিউডি) এর সংবাদ সম্মেলনে বক্তারা এই অভিযোগ তোলেন।
তারা বলেন, ভোটার তালিকায় প্রতিবন্ধীদের নাম না তুলে মানসিকভাবে অসুস্থের কাতারে ফেলে তাদের ভোটাধিকার অস্বীকার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাইটস সেভারস ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম ম্যানেজার জিনাত রেহানা বলেন, “১০টি জেলায় জরিপ চালিয়ে কেবল ৮৮৪৮ জন প্রাপ্তবয়স্ক দৃষ্টিপ্রতিবন্ধী পাওয়া গেছে, যাদের ভোটার তালিকায় নাম নেই।”
এনএফওডব্লিউডির মহাসচিব এ এইচ এম নোমান খান দেশের এক কোটি ৪০ লাখ প্রতিবন্ধীর উন্নয়নের জন্য নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট অঙ্গীকার করার জন্য প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
এনএফওডব্লিউডির প্রেসিডেন্ট খন্দকার জহুরুল আলম জানান, প্রতিবন্ধী ভোটাররা যেন গোপনীয়তা বজায় রেখে সহায়ক পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য তাদের সংস্থার অনুরোধে সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে।
তিনি প্রতিবন্ধীদের জন্য সহযোগিতামূলক নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে সচেতন করে তোলার জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান।
এনএফওডব্লিউডির (আইন ও নীতিমালা কমিটি) চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী অভিযোগ করেন, “সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকারের অভাবে প্রতিবন্ধী নাগরিকদের অধিকারের বিষয়গুলো দিনের পর দিন অবহেলিত হচ্ছে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিট এর কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, “প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ সালে প্রণীত হলেও এখনো সেটি অকার্যকর। অনুমোদিত কর্ম-পরিকল্পনা না থাকায় জাতীয় বাজেটেও এর জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি।”
