বিমানবন্দরে আটকা পড়েছেন ৫শ’ হজ্বযাত্রী
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের প্রায় ৫শ’ হজ্বযাত্রী জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে আটকা পড়েছেন।
তাদের অনেকে মঙ্গলবার, আবার কেউ কেউ বুধবার সকাল থেকে বিমান ধরার অপেক্ষায় আছেন। বুধবার রাতের মধ্যে যেতে না পারলে তাদের হজ্ব পালন মোটামুটি অনিশ্চিতই হয়ে পড়েছে।
বুধবার শুধুমাত্র বাংলাদেশই নয়, বিশ্বের যে কোনো দেশ থেকে মক্কায় হজ্বফ্লাইট পৌঁছানোর শেষ দিন। এরপর আর কোনো ফ্লাইট অবতরণের অনুমতি মিলবে না।
জেদ্দা বিমান বন্দরে হজ্বযাত্রীদের আনুষ্ঠানিকভাবে গ্রহণকারী মোয়াল্লেমরা এই নির্দিষ্ট সময়ের পর আর কাউকে গ্রহণ করতে পারেন না। ফলে কেউ নিজ উদ্যোগে জেদ্দা পৌঁছালেও তারা মূল হজ্ব পালন করতে পারবেন না। তাদের তখন ওমরা হজ্ব করতে হবে।
বুধবার সন্ধ্যায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে শত শত হজ্বযাত্রীকে ব্যাগ ও মালামাল নিয়ে বিমান বন্দরের টার্মিনাল লবির বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
রাজধানীর রামপুরা থেকে আসা সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, “আমি গতকাল এখানে এসেছি। প্রথমে আমার ফ্লাইট ছিল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায়। কিন্তু বিমান আসেনি। কয়েক ঘন্টা অপেক্ষার পর সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাকেসহ ৫০ জন যাত্রীকে উত্তরার নর্দান হোটেলে নিয়ে যায়।”
জিয়ার টার্মিনাল লবিতে কথা বলার সময় অনেক হজ্বযাত্রী একজোট হয়ে তাদের ক্ষোভ ও নানা ধরনের হয়রানির কথা তুলে ধরেন।
আবুল হোসেন নামে একজন এই দুর্ভোগের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ও সৌদি এয়ারলাইন্সকে দায়ী করেন।
আবুল বলেন, “আমরা প্রায় ১৭০ জন উত্তরার নর্দান হোটেলে আজ (বুধবার) সকাল থেকে অবস্থান করছি। কিন্তু ফ্লাইট কি কারণে যাচ্ছে না সে সম্পর্কে সৌদি এয়ারলাইন্স এখন পর্যন্ত কিছু জানায়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি নাঈমুল হক ও ফটো সাংবাদিক কামরুজ্জামান একাধিকবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
এক পর্যায়ে তাদের জানানো হয়, সিএএবি বা সৌদি এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।
জিয়ার একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের জেদ্দা যাওয়ার কথা। এর মধ্যে একটি রাত ১০টায় এবং তার দুই ঘন্টা পর আরেকটি ফ্লাইটের ঢাকা ছাড়বে। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
হজ্ব ক্যাম্প সূত্র জানায়, এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৬শ’ ৫৬ জন হজ্বযাত্রী মক্কা পৌঁছেছেন।
