যুবলীগ নেতার মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ
র্যাবের হাতে গ্রেফতার হওয়া শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মণ্ডলের মুক্তি দাবিতে বুধবার তার সমর্থকরা গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাংচুর করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অর্ধ শতাধিক যুবলীগ কর্মী বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রীপুরের কাওরাইদে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং জিয়া স্মৃতি পরিষদে আগুন দেয়ার ঘটনায় র্যাব মঙ্গলবার রাত ৮টার দিকে রফিককে গ্রেফতার করে। তার কাছে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলভারও পাওয়া যায়।
পরে র্যাব সদস্যরা রফিককে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নেমে দুই রাউন্ড কার্তুজসহ একটি শ্যুটার গান উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে আমলি আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট রফিককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
