২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিরপেক্ষ হবেই: শোয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবেই বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আমরা মরিয়া চেষ্টা চালিয়েছি। এখন আমাদের সম্মিলিত উদ্যোগ হবে নির্বাচন নিরপেক্ষ করা।”

শোয়েব আহমেদ বলেন, “নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছি আমরা। এটা আমাদেরই সৃষ্টি। কিন্তু এবার পরিস্থিতি ছিল খারাপ। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে এ সরকার ব্যবস্থার এবারই অপমৃত্যু হতে পারতো। কিন্তু খারাপ অবস্থা থেকে আমরা এ মুহূর্তে বেরিয়ে আসতে পেরেছি। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টিকে যেতে পারে।”

অর্থ উপদেষ্টা সাংবাদিকদের আরো বলেন, “আগামিতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা হয়তো এমন কিছু করবেন যাতে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন হবে না। এমনিতেই নিরপেক্ষ নির্বাচন হবে।”

তত্ত্বাবধায়ক সরকার সফল না ব্যর্থ সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে সফলতার কথা বা ব্যর্থতার কথা বলবো না। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার পর যখন বিশ্বের কাছে নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে প্রমাণ করতে পারবো তখনি আমরা সাফল্য দাবি করবো।”

পদত্যাগকারী উপদেষ্টাদের সম্পর্কে তিনি বলেন, “নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আমাদের পূর্বসূরীরাও চেষ্টা করে গেছেন। আমরাও মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছি। নির্বাচন নিরপেক্ষ হচ্ছে কিনা এটা দেখার জন্য ইউরোপীয় ইউনিয়নসহ বহু দেশি-বিদেশি এজেন্সি নিবিড় পর্যবেক্ষণ করবে বলে প্রত্যাশা করছি আমরা।”

তিনি আরো বলেন, “এখন নির্বাচন নিরপেক্ষ করার ক্ষেত্রে মিডিয়ার আগের চেয়ে বেশি দায়িত্ব রয়েছে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা দরকার নির্বাচন সংক্রান্ত কমিটি তা করবে। এর জন্য যত অর্থের প্রয়োজন তার যোগান দেওয়া হবে।”