অবৈধ কল টার্মিনেশনের দায়ে গ্রেপ্তার ৮
বিদেশের সঙ্গে অবৈধভাবে ফোন কল দেশীয় নেটওয়ার্কে সংস্থাপন করার অপরাধে র্যাব রাজধানীতে আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৮০ লাখ টাকার কলিং কার্ডসহ এ কাজে ব্যবহৃত প্রায় ১০ কোটি টাকারও বেশি টেলিযোগাযোগ যন্ত্রপাতি ঊদ্ধার করা হয়।
সুত্র জানায়, মঙ্গলবার সকালে শান্তিনগরের কনকর্ড টাওয়ারের ছয় তলায় ওয়েস্টার্ন নেটওয়ার্ক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে র্যাব ৮০ লাখ টাকার কলিং কার্ড ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতিসহ আটজনকে গ্রেপ্তার করে।
এরা সবাই ওয়েস্টার্ন নেটওয়ার্কের কর্মচারী। ঊদ্ধারকৃত যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে ভিওআইপি টেলুলার যন্ত্র ২০টি, কুইন্টাম (টার্মিনেটিং যন্ত্র) ১২টি, টার্মিনেশন মাল্টি প্লেক্সার ২০টি। এ ছাড়া কল টার্মিনেশনে ব্যবহৃত টেলিটক, বাংলালিংক, সিটিসেলের প্রচুর সিম কার্ডসহ বিটিটিবির সাড়ে তিনশ অবৈধ টেলিফোন সংযোগের সন্ধান পাওয়া গেছে।
এ প্রসঙ্গে র্যাব গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক খন্দকার আল মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা যন্ত্রপাতির স্থানীয় বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকারও বেশি।
তিনি আরও বলেন, ওয়েস্টার্ন নেটওয়ার্কের মালিক চিত্রনায়ক হেলাল খানকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার করা কাগজপত্রে দেখা গেছে, তার আইএসপি ব্যবসার ছত্রছায়ায় ২০০০ সাল থেকে এই অবৈধ কল টার্মিনেশান চলছে।
এদিকে হেলাল খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বুধবার উকিল নিয়ে তিনি থানায় যাবেন।
র্যাবের এ অভিযান প্রসঙ্গে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার বলেন, “শুধুমাত্র অবৈধ কল টার্মিনেশনের জন্য সরকার বছরে প্রায় ৬০০ থেকে ১০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।”
অবৈধ কল টার্মিনেশন রোধে বিটিটিবি থেকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রায় ১৯ হাজার ল্যান্ড ফোন সংযোগের ওপর তদন্ত করা হচ্ছে বলে তিনি জানালেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাব গ্রেপ্তারকৃতদের মালামালসহ রমনা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং রমনা থানায় মামলা দায়ের করেছে।
