মারা গেছেন রাজবাড়ী কলেজের ভিপি, হরতাল, ভাংচুর
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি নাসির উদ্দিন সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বেলা ১১ টার দিকে তার মৃত্যুর কথা ছড়িয়ে পড়ার পর ছাত্রদল রাজবাড়িতে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে শহরের দোকানপাট বন্ধ ছিল।
হরতাল শুরুর আগেই একদল যুবক বেশ কয়েকটি বাস, ট্রাক ও মোটর সাইকেলসহ কয়েকটি দোকান ভাংচুর করে। এতে রাজবাড়ি-ফরিদপুর ও রাজবাড়ি-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ভাঙ্গা গাড়িগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল আবার স্বভাবিক হয়।
আগের দিন রোববার সন্ধ্যা ৬ টার দিকে ছাত্রদল নেতা নাসির এক বন্ধুকে নিয়ে সেগুনবাগিচা এলাকা দিয়ে যাওয়ার সময় ৪/৫ সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে এলাকাবাসী ও পুলিশ জানায়। এতে তিনি গুরুতর আহত হন।
সঙ্গে সঙ্গে ফরিদপুরে নিয়ে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার ভোরে তিনি মারা যান।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চার যুবককে আটক করেছে। তারা হলো কুতুব উদ্দিন (২৮), আব্দুর রাজ্জাক (২৮), রেজাউল করিম (২৬) এবং মো. সাগর।
ছাত্রদল ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে। কিন্তু পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন,“বিষয়টি তাদের অভ্যন্তরীণ। তারা ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে নির্বাচনে ফায়দা লুটতে চায়।”
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানাতে পারেননি। বিকাল ৪ টা পর্যন্ত থানায় কোনো মামলাও হয়নি তিনি জানান।
