২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িকতার পক্ষেই থাকবে ১৪ দল

অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে থাকার কথা সংবাদপত্রে বক্তব্য দিয়ে জনগনকে জানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 03:51 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে সুধাসদনে সোমবার ১৪ দলের শরিক নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে আলোচনা হয় খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি নিয়ে।

বৈঠক শুরু হয় বেলা পৌনে ১১ টায়। শেষ হয় দুপুর সোয়া ১২ টায়।

সভা শেষে জাসদ নেতা হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “১৪ দল এর আগে যে ৩১ দফা জনগনের সামনে তুলে ধরেছিল তার দ্বিতীয় দফায় অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রয়েছে।”

তিনি আরো বলেন, “এ জন্য আমরা অতীতে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব। আজকের সভায় এ বিষয়টি আবারও স্পষ্ট করা হয়েছে। অসাম্প্রদায়িক রাজনীতির পথ থেকে আমরা এক পাও সরে যাইনি।”

বৈঠকে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শিরিন আক্তার, অসিত বরণ, পঙ্কজ ভট্টাচার্য, নুরুল ইসলামসহ ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।