সাভারে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল
ঢাকা–১২ (সাভার) আসনে চার দলীয় ঐক্যজোট প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ।
এ উপলক্ষে রোববার সকাল ১০ টা থেকেই সাভার বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় ট্রাকে স্থাপিত মঞ্চ থেকে বক্তব্য রাখেন কেরানীগঞ্জের সাবেক এমপি আমানুল্লাহ আমান, সাভারের সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন, ধামরাইয়ের সাবেক মহিলা সাংসদ সুলতানা আহমেদ, জামায়াতে ইসলামীর সাভার উপজেলা আমীর অ্যাড. শহিদুল ইসলাম প্রমুখ।
পরে নেতাকর্মীরা মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার উপজেলা ভবনে উপস্থিত হন। মিছিলের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য উপজেলা ভবন চত্বরে বিপুল সংখ্যক সৈন্য ও পুলিশ মোতায়েন ছিল।
আমানুল্লাহ আমানের নেতৃত্বে নেতাকর্মীরা দুপুর ১২ টা ৪০ মিনিটে খালেদা জিয়ার মনোনয়ন পত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার ও নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের কাছে জমা দেন। বাদ্যযন্ত্রের সুরে এ সময় মুখরিত হয়ে ওঠে উপজেলা চত্বর ।
