২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিলেট ওসমানী মেডিকেল কলেজের (ওমেক) ইন্টার্ন চিকিৎসকরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 11:02 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

কলেজের ডাইনিংয়ের খাবার নিয়ে মারধর করার একটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে তারা কর্মবিরতি শুরু করেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার ডাইনিংয়ে কয়েকজন ছাত্র খাবার নিয়ে ডা. সমরজিৎ বড়ুয়ার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মারধর করে সমরজিৎকে। এ ঘটনার দুদিন পরও কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় শনিবার সকালে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি সভা করেন। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ এবং কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

শনিবার দুপুর সাড়ে ১১টায় ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করে পরিচালকের দপ্তরের সামনে অবস্থান নেন। পরে তারা কলেজের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মীর মাহবুব আলমের কাছে একটি স্মারকলিপি দেন।

ইন্টার্ন চিকিৎসক ডা. মশিউর, ডা. মাহমুদ ও ডা. শুভ জানান, সম্পূর্ণ নিয়ম বহির্ভুতভাবে ছাত্ররা ডাইনিংয়ে গিয়ে ডা. সমরজিৎ বড়ুয়াকে মারধর করে। ডা. সবুজসহ ৪০তম ব্যাচের ছাত্র তারেক, দিপু, ডলার, রেজা এ ঘটনায় জড়িত।

ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মীর মাহবুব আলম বলেন, “ইন্টার্ন চিকিৎসকদের দাবির বিষয়ে আমরা আন্তরিক। অবশ্যই ঘটনার বিচার হবে। এরই মধ্যে অধ্যাপক পার্থ সারথি সোমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”