সুধা সদনের সামনে দিনভর মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এটা জানার পর থেকেই দলের প্রধান শেখ হাসিনার বাড়ির সামনে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশী নেতা ও তাদের কর্মী সমর্থকেরা। তবে এর মধ্যে সোমবার সকাল থেকে সুধা সদনের সামনে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের বিক্ষোভই চোখে পড়ছে বেশি।
সোমবার সকাল ১০টা থেকেই সুধা সদনের সামনে এ বিক্ষোভ বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রফিক জামান সুধা সদন থেকে জানাচ্ছেন ।
রূপগঞ্জ আসনের সাবেক সাংসদ ও বিগত আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ এবার সেই বঞ্চিতদের দলে। ওই আসনে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন গাজী গোলাম দস্তগির।
এ খবর পেয়ে সফিউল্লাহর ২/৩ শতাধিক সমর্থক সোমবার সকালে সুধা সদনের সামনে ভিড় করেন। সাড়ে ৯টার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন নিজের নেতার পক্ষে। সমর্থকরা সফিউল্লাহর নির্যাতনের ছবি সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।
সোয়া ১১টার দিকে ১৪ দলের জরুরি বৈঠক স্থগিত করে শেখ হাসিনা সুধা সদন থেকে বেরিয়ে যাওয়ার সময়ও সমর্থকেরা বিক্ষোভ দেখান। পৌনে ১২টার দিকে হাসিনা সুধা সদনে ফিরে আসার পথেও তাদের বিক্ষোভ চলছিল।
শুধু রূপগঞ্জের সফিউল্লাহ এর সমর্থকেরা শুধু নন, বিক্ষোভ চলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলামের পক্ষেও। চাঁদপুর শাহারাস্তি-হাজিপুর আসনে তাকে মনোনয়ন না দিয়ে এবার মনোনীত করা হয়েছে ইসলামী ঐক্যফ্রন্টের বাহাদুর শাহকে।
টাঙ্গাইলের নাগরপুর আসনের আহসান মকবুল টিটু মনোনয়ন পাওয়ায় তার বিরোধী তারিক শামস্ খান হিমুর সমর্থকরাও রয়েছেন সুধা সদনের সামনেই। অর্ধশতাধিক নেতাকর্মীকে হিমুর পক্ষে শ্লোগান দিতে দেখা গেছে।
দুপুর আড়াইটায় দিকে কে এম সফিউল্লাহ নিজে সুধা সদনে যান। এসময় তাকে মনোনয়ন পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে সমর্থকেরা এরকম খবর পেলে তারা সাড়ে তিনটার দিকে বিক্ষোভ বন্ধ করে চলে যায়।
অন্যদিকে দুপুর ১২টার আগে অর্ধশতাধিক রফিকুল ইসলামের সমর্থকরা বিক্ষোভ চালালেও বেলা বাড়তে থাকলে তার সমর্থকদের সংখ্যা বাড়তে থাকে। তিনি তিনটার দিকে সুধাসদনে এসে মনোনয়ন পরিবর্তনের জন্য আবেদন জানালে তাকেও আশ্বাস দেওয়া হয়। বিকেল চারটার দিকে তিনি তার বিক্ষোভরত সমর্থকদের নিয়ে এলাকা পরিত্যাগ করেন।
এদিকে বেলা দুইটার পর থেকে গাজীপুর-১ আসনের রহমত আলীর মনোনয়ন বাতিলের দাবীতে গাজীপুর আওয়ামী লীগের কয়েকশ কমী বিকেল ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চালিয়েছে।
বিক্ষোভরত আওয়ামী লীগ কর্মী প্রকৌশলী এম আর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত পাঁচ বছর আমাদের এলাকার নেতাকর্মীরা বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ব্যাপক নির্যাতনের শিকার হলেও রহমত আলীকে পাওয়া যায়নি। তাই আমাদের দাবি রহমত আলীর পরিবর্তে নেত্রী যেন এ আসন থেকে নির্বাচন করেন।”
এ আসনের অন্য মনোনয়ন প্রাথীরা ছিলেন কালিয়াকৈর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামালউদ্দিন শিকদার এবং জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ।
জানা গেছে, এ বিক্ষোভের পিছনে গাজীপুর আওয়ামী লীগ সভাপতি এবং সদর পৌরসভার চেয়ারম্যান আকম মোজ্জামেল হোসেনসহ দুই মনোনায়ন প্রাথী জড়িত রয়েছেন।
যদিও রহমত আলীর পারিবারিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, রহমত আলী ইতোমধ্যে দলীয় মনোনয়নের চিঠি নিয়েছেন।
