২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না দেয়ায় হোটেল ব্যবস্থাপক খুন

চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রাজধানীর এক হোটেল ব্যবস্থাপক। এছাড়া বুড়ীগঙ্গা নদী ও ডেমরা থেকে উদ্ধার করা হয়েছে দু’টি লাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 12:38 AM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পল্টনের হোটেল নিউ মেট্রো রাজের কাউন্টারে গিয়ে কয়েক যুবক শুক্রবার বিকেলে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় তারা কাউন্টার লক্ষ্য করে গুলি চালায়। এতে হোটেলের ব্যবস্থাপক বাবুল হোসেন আহত হন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে।

সে সময় গুলিতে আহত হন তাজুল ইসলাম নামের এক কর্মচারীও। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাজুল সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা এসে চাঁদা দাবি করে। এর পরপর তিনি গুলি চালাতে দেখেন।

পল্টন থানা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে উদ্ধার করা লাশ দুটির একটি এক নিরাপত্তা কর্মীর বলে পুলিশ জানায়। এটি উদ্ধার করা হয় বিকেলে ডেমরা থানা এলাকার করিম জুট মিলের পাশের একটি জলাশয় থেকে।

নিরাপত্তা কর্মীর নাম ওহিদুল।

বাবা তওহিদুল ইসলাম বলেছেন, “ওহিদুল গুলশানের ‘ভিক্টর’ নিরাপত্তা কোম্পানিতে চাকরি করতেন। নিখোঁজ ছিলেন গত মঙ্গলবার থেকে। বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়।

এছাড়া বুড়িগঙ্গা নদী থেকে চটের ব্যাগে মোড়ানো আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে।

কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।