সেনবাগে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
নোয়াখালীর সেনবাগে শুক্রবার বিকেলে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে সেনবাগ পৌরসভার কমিশনার জাহিদুল হক সবুজ, মাইন উদ্দিন (২২), সাহেদ (২৬) ও বাবর (২০) গুরুতর অবস্থায় সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাজী মফিজ এ হামলার জন্য সেনবাগ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক সমর্থকদের দায়ী করেছেন। তবে জয়নুল আবদীন হামলায় তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর চেয়ারম্যান শাহ আলম চৌধুরী বলেন, “বিএনপি’র প্রার্থী হিসেবে জয়নুল আবদীন ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কারো মনোনয়নপত্র জমা দেয়া না দেওয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
