ঝিনাইদহ সীমান্তে নিহতদের পরিচয় মিলেছে
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৬০ নম্বর মেইন পিলারের পাশে মঙ্গলবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত দুজনের পরিচয় মিলেছে। তারা দুজনই বাংলাদেশী নাগরিক।
নিহতরা হচ্ছে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আবতাব খলিফা (৪৫) ও ছলেমানপুর গ্রামের ইব্রাহিম মন্ডল (৫০)।
বিডিআর এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর লুৎফুল মতিন জানান, মঙ্গলবার ভোর রাতে ওই দুই বাংলাদেশি কৃষক বাঘাডাঙ্গা শ্যামকুড় মাঠে তাদের জমিতে সেচ দিতে যায়। এ সময় নদীয়া জেলার একটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে গুলি করে হত্যা করে। বিডিআর তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেনি।
পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে বুধবার বিডিআর নিহত দুজনের লাশ ফেরত চেয়ে বিএসএফ এর কাছে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠিয়েছে। নিহতদের লাশ কৃষ্ণনগর মর্গে রয়েছে বলে জানা গেছে।
