২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, বৃহস্পতিবার হরতাল থাকছে

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং স ম জাকারিয়াকে ছুটিতে পাঠানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের নেয়া সিদ্ধান্ত প্রত্যাখান করেছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তাদের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে দেশবাসীকে তা সফল করার আহ্বান জানানো হয়েছে।

১৪ দলের বৈঠক শেষে বুধবার রাতে শেরেবাংলা নগরের ন্যাম ফ্ল্যাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল একথা জানান।

তিনি বলেন, “রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি একটা বিশেষ গোষ্ঠীর আজ্ঞাবহ হিসাবে কাজ করে যাচ্ছেন।”

আব্দুল জলিল বলেন, “তার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। স ম জাকারিয়াকে ছুটিতে পাঠানোর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিভ্রান্তিকর। তিনি কবে, কখন, কিভাবে ছুটিতে যাবেন তা অস্পষ্ট রাখা হয়েছে। খণ্ডিত সিদ্ধান্ত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দেশবাসীকে বিভ্রান্ত করছে।”

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত মঙ্গলবার মহাসমাবেশে ১৪ দলসহ মহাজোটের দাবি দাওয়া সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাকে অসত্য ও বিভ্রান্তিকর হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা বরাবরই আমাদের দাবি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি। কখনোই দেশবাসীকে অস্পষ্টতার মধ্যে রাখিনি।”

তিনি অভিযোগ করেন, খালেদা শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছেন।

জলিল বলেন, “বিএনপি চেয়ার্পাসনকে রক্ষার জন্য উচ্চ আদালতকে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ।