সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৫
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ডের কাছে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ যাত্রী। এদের মধ্যে অন্তত দশ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের যশোরগামী একটি কোচ দুপুর পৌনে ১টার দিকে সুতিপাড়া স্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছকে সজোরে ধাক্কা দেয়। বিশাল আকৃতির ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে কোচটি দুমড়ে মুচড়ে যায়। কোচটির ছাদ উড়ে গিয়ে পড়ে প্রায় ৫০ ফুট দূরে। এসময় ঘটনাস্থলেই মারা যায় তিন যাত্রী। আহত ৩৫ জনকে স্থানীয় রাবেয়া ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাবেয়া ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার এ বি সিদ্দিক ডালিম জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।
ধামরাই থানার এসআই ইকবাল হোসেন তিনজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, আহত অনেকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ দুর্ঘটনা কবলিত বাসের গায়ে এখনো লেগে আছে। এক মহিলা যাত্রীর পা কেটে তাকে বাস থেকে বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
