কাউখালীতে সংখ্যালঘুদের কাছে চাঁদা চেয়ে চিঠি
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বৌলাকান্দায় সংখ্যালঘু কয়েকটি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।
চাঁদা চাওয়ার বিষয়টি গোপন রাখা না হলে হত্যারও হুমকি দিয়েছে তারা।
জানা গেছে, রোববার কে বা কারা কয়েকটি চিঠি বৌলাকান্দা গ্রামের হিন্দুদের বাড়ীতে ফেলে রাখে। চিঠিতে তারা নিজেদের ‘মাফিয়া চক্র’ বলে পরিচয় দেয়।
ঘটনার পর থেকে বৌলাকান্দা গ্রামের সংখ্যালঘুরা ভীত হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন এবং বৌলাকান্দা গ্রামের কেউ চাঁদার ব্যাপারে অভিযোগও করেনি। তবে বুধবার তিনি ঘটনা তদন্তে বৌলাকান্দা গ্রাম পরিদর্শনে যাবেন বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান।
জানা গেছে, রোববার গভীর রাতে সাবেক স্কুল শিক্ষক বিনয় কৃষ্ণ সমদ্দার, হরেন্দ্রনাথ এবং যদুনাথসহ ৮/১০ জনের কাছে চাঁদা দাবি করে তাদের বাড়িতে চিঠি ফেলে রাখা হয়। চাঁদাবাজির বিষয় নিয়ে থানা-পুলিশ করা হলে তাদের খুন করা হবে এই হুমকির ভয়ে পরদিন সকালে চিঠি পাওয়ার ঘটনাটি চেপে যান তারা।
প্রত্যেক চিঠি প্রাপককে চাঁদার দাবিকৃত অর্থ নিজ নিজ বাড়ির সামনে রাখার জন্য বলা হয়।
সোমবার রাত থেকে আগামী এক সপ্তাহের মধ্যে চাঁদার টাকা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় এক সপ্তাহের মধ্যে এলাকা ছাড়া করাসহ তাদের হত্যার হুমকি দেওয়া হয় চিঠিতে।
