পদোন্নতি চেয়েছেন ৮২ বিশেষ ব্যাচের ৩০ কর্মকর্তা
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তারা পদোন্নতির দাবিতে প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য ধীরাজ কুমার নাথকে স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে ’৮২(বিশেষ) কর্মকর্তাদের মধ্যে প্রায় ৩০ জন সচিবালয়ের কার্যালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
বৈঠক শেষে বের হয়ে কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বর্তমানে এ ব্যাচের প্রায় ৬০ জন কর্মকর্তা উপসচিব পদে কর্মরত। তারা ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি উপসচিব হিসেবে পদোন্নতি পান।
তাদের ৪০ জন ইতিমধ্যে পদোন্নতি নীতিমালা অনুযায়ী নির্ধারিত পাস মার্ক পেয়েছেন। কর্মকর্তারা উপদেষ্টার কাছে তাদের যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়ার অনুরোধ জানান।
তারা বলেন, সহকর্মীদের অনেকেই যুগ্মসচিব হয়ে যাওয়ায় তাদের এখন বিব্রতকর পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে।
ধীরাজ কুমার নাথ বিষয়টি দেখবেন বলে কর্মকর্তাদের আশস্ত করেছেন। তবে উপদেষ্টা এ বিষয়ে সাংবাদিকদের কিছুই বলেননি।
