২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহরণের ৩ দিন পর শিশু উদ্ধার

অপহরণের তিনদিন পর হাটহাজারী থানা পুলিশ শনিবার রাতে অপহরণকারীদের হাত থেকে এক শিশুকে উদ্ধার এবং একজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা পুলিশ শনিবার রাতে আনোয়ারা উপজেলার জুইদন্ডি এলাকার মুন্সি মিয়া চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারীদের একজন মোহাম্মদ শওকত প্রকাশ সৈকতকে গ্রেপ্তার করে।

অপহরণকারী সৈকতকে রোববার আদালতে চালান দিয়েছে হাটহাজারী থানা পুলিশ।

উদ্ধারকৃত শিশুর নাম সোহেল রানা (৮)। সে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর উইনার গ্রামার স্কুলের কেজি টু শ্রেণীর ছাত্র। তার বাবা আব্দুল জব্বার বিদেশে কর্মরত।

একদল অপহরণকারী বৃহস্পতিবার সকালে স্কুল শেষে বাসায় যাওয়ার পথে সোহেল রানাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় শিশুটির মামা মোহাম্মদ হোসেন বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।