২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা মুদ্রণকারীদের বিরুদ্ধে মামলার হুমকি কমিশনের

নির্ধারিত সময়ের মধ্যে মুদ্রিত ভোটার তালিকা হাতে না পেয়ে নির্বাচন কমিশন ছাপাখানার মালিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে মূদ্রণব্যবসায়ীদের এক বৈঠকে এই হুমকি দেওয়া হয়।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে ৩৮টি প্রতিষ্ঠানকে ভোটার তালিকা ছাপার কাজ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য জোর তাগিদ দেওয়া হয়।

কমিশনের সঙ্গে মূদ্রণ ব্যবসায়ীদের চুক্তি অনুযায়ী, কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে তালিকা ছাপার কাজ শেষ করার কথা। গত ৩ ডিসেম্বর এই সময়সীমা গত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ৮ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের যে কাজ চলছে, তার পুরোটাই হাতে লিখে করা হচ্ছে।

গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকাটি তৈরি করতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকা।

এবার ভোটার তালিকা সংশোধনের কাজে ১ লাখ ৪০ হাজার নির্বাচন কর্মকর্তা মাঠে কাজ করছেন। এর জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

এবার ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩।