সাতক্ষীরা সীমান্তে ফের গুলি বিনিময়
সাতক্ষীরার পদ্মশাখারা সীমান্তে শুক্রবার ভোর ৫ টায় বিডিআর এবং বিএসএফের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কোনো উস্কানি ছাড়াই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পানিতর ক্যাম্পের সদস্যরা দুই রাউন্ড গুলি ছুঁড়ে। জবাবে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পদ্মশাখরা বিওপির সদস্যরা চার রাউন্ড গুলি ছুঁড়ে। এর কিছুক্ষণ পর বিএসএফ দুই দফায় একই সীমান্তে চার রাউন্ড গুলি ছুঁড়লে বিডিআর সদস্যরা ছয় রাউন্ড গুলি ছুঁড়ে এর জবাব দেয়।
বিডিআরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক মো. আফিস আবদুর রউফ পিএসসি জানান, বিএসএফের পানিতর ক্যাম্পের একজন বিএসএফ সদস্য বিদ্রোহ ঘোষণা করে তিন দফায় কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে বলে তিনি শুনেছেন।
তিনি জানান, এ বিষয়ে সীমান্তে কড়া নজর রাখা হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
