২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পার্বত্য আসনে নির্বাচন করবে ইউপিডিএফ

এককভাবে তিন পার্বত্য আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে পার্বত্য শান্তি চুক্তিবিরোধী ইউপিডিএফ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এরই মধ্যে খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসনে প্রার্থী হিসেবে ইউপিডিএফ’র প্রতিষ্ঠাতা ও সংগঠনের প্রধান প্রসীত বিকাশ খীসার নাম ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তার কারণে গত নির্বাচনের পর থেকে প্রসীত খীসা খাগড়াছড়ির বাইরে রয়েছেন বলে ইউপিডিএফ নেতৃবৃন্দ জানিয়েছেন। ২০০১ সালের নির্বাচনে এই আসনে তিনি ৩৫ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন।

ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট আয়োজিত স্বনির্ভর এলাকায় উপজাতীয় কল্যান সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা প্রসীত বিকাশ খীসার ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেন শুক্রবার সকালে।

খুব শিগগিরই পার্বত্য রাঙ্গামাটি ও বান্দরবান আসনে ইউপিডিএফ প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইস্তেহারও ঘোষণা করা হবে অচিরেই। প্রার্থীরা ভোটে লড়বেন তীর ধনুক প্রতীক নিয়ে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফ কেন্দ্রীয় নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপন খীসা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কৈহলাচিং মার্মা।

ইউপিডিএফ নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে সেনাবাহিনীকে নির্বাচনের বাইরে রাখার দাবি জানান।

১৪ দল বা চার দলের সঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে কিনা-এ প্রশ্নের জবাবে উজ্জ্বল চাকমা বলেন, কোন জোটে যাবার প্রশ্নই ওঠে না।

বর্তমান ভোটার তালিকায় খাগড়াছড়িতে অর্ধ লক্ষাধিক ভুয়া ভোটার রয়েছে বলে অভিযোগ করে ইউপিডিএফ নেতৃবৃন্দ বলেন, এদের অধিকাংশই বাঙালি।

তারা অভিযোগ করেন, প্রায় ৪০ হাজার পাহাড়ীকে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হয়নি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার কথা থাকলেও প্রত্যন্ত উপজাতীয় এলাকায় সংশ্লি¬ষ্টদের কেউ যাননি। বাদ পড়া ভোটারদের অর্ন্তভূক্তিরও দাবি জানান তারা।

ইউপিডিএফ ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা সেল গঠন করেছে।