২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে নির্বাচন অফিস ঘেরাও

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ১৪ দলের আহ্বানে নির্বাচন অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

১৪ দলের সঙ্গে জাকের পার্টিও দেশব্যাপী এ কর্মসূচি পালন করে।

বিভিন্ন জেলা থেকে পাঠানো খবর:

যশোর: বেলা সাড়ে ১২টার সময় জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং সমাবেশ করেন ১৪ দলের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফারাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির ইকবাল কবীর জাহিদ, জাসদের রবিউল আলম, আওয়ামী লীগের শাহীন চাকলাদার, সুখেন মজুমদার, গণফোরামের অ্যাডভোকেট তফাজ্জল হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে নেতারা পাঁচ দফা দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তা তরফদার রাজীবুল হোসাইনের কাছে স্মারকলিপি দেন।

রাজবাড়ী: সকাল ১১ টায় জেলা ১৪ দল আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রায় এক ঘণ্টা নির্বাচন অফিস ঘেরাও করে রাখে। এ সময় জাকের পার্টির অপর একটি বিক্ষোভ মিছিল সমাবেশে এসে যোগ দেয়।

এতে বক্তব্য রাখেন কাজী কেরামত আলী, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গুহ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, শফিকুল ইসলাম শফি, জ্যোতি শংকর ঝণ্টু, আলী যাকের সমশেরী প্রমুখ।

নরসিংদী: ১৪ দলের একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় গেটে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এতে নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে জাকের পার্টির একটি মিছিল এসে এ সমাবেশে যোগ দেয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. নুরুল ইসলাম, আওয়ামী লীগ সহ সভাপতি জি এম তালেব হোসেন, মোস্তাক উদ্দিন ভূঁইয়া, আ. রহিম, মো. মনির হোসেন, মাসুদ পারভেজ প্রমুখ।

মুন্সীগঞ্জ: শহরের পুরনো কাছারী থেকে ১৪ দলের একটি মিছিল নির্বাচন অফিসের দিকে গেলে জেলা প্রশাসকের বাসভবনের কাছে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

জেলার সিরাজদিখান, শ্রীনগর এবং লৌহজং উপজেলায়ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

ফেনী: বেলা ১২টার দিকে শহরের কলেজ রোড থেকে একটি মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কোব্বাদ আহমদ, হাফেজ আহাম্মদ, আবদুর রহমান, একরামুল হক একরাম, নিজাম হাজারী, সুশেন চন্দ্র শীল, আনোয়ার হোসেন মানিক প্রমুখ।