২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-নারায়নগঞ্জ সড়ক অবরোধ

বরখাস্ত শ্রমিকদের পুনর্বহাল, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ এবং কারখানায় তালা ঝুলিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা বুধবার সকাল থেকে ঢাকা-নারায়নগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় এই অবরোধ শুরু হয়। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তা চলছিল।

শ্রমিকরা জানান, পলমল গ্রুপ কর্তৃপক্ষ কয়েকদিন আগে ২৬ শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করে। এছাড়া নিয়মিত কাজে গেলেও অবরোধের কারণে কাপড় আসছে না-এ অজুহাতে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছিল না কয়েকদিন ধরে।

এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে পলমল গ্রুপের জি এম মেজর (অব) শফিউল আলম ও ডিরেক্টর (অ্যাডমিন) কর্ণেল (অব) আব্দুল মতিনের সাথে শ্রমিক নেতাদের বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ, কারখানায় কাজকর্ম শুরু ও অন্যান্য সমস্যার সমাধান করা হবে শ্রমিকদের সাথে আলোচনা করে ।

কিন্তু বুধবার সকালে কাজে গিয়ে শ্রমিকরা কারখানায় তালা দেখতে পায়। এর পরপরই পলমলসহ আশপাশের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা শিবু মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রমিক নেতা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন,“মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেও ফল পওয়া যায়নি। এছাড়া বেআইনিভাবে কারখানা বন্ধ করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন।”

এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

পুলিশের এএসপি (এ সার্কেল) নূর আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন,“শ্রমিকরা যাতে কোন ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হতে পারে সেদিকে আমরা আমরা নজর রাখছি। পাশাপাশি মালিকের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানেরও চেষ্টা চালাচ্ছি।”