২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নতুন চার উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, তিনজন শপথ নিলেন

পদত্যাগী চার উপদেষ্টার শূণ্যস্থান পূরণে নতুন চার উপদেষ্টা নিয়োগ দিলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এদের মধ্যে তিন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক মাঈনউদ্দিন খান, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, বেসরকারি সংস্থা আশার প্রধান নির্বাহী শফিকুল হক চৌধুরী দুপুর আড়াইটার দিকে শপথ নিয়েছেন।

উপদেষ্টা পদে নিয়োগের তালিকায় থাকা আরেকজন সাবেক সচিব নজরুল ইসলামকে নিয়ে মঙ্গলবার দিনভর কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলেই নজরুল ইসলাম শপথ নিচ্ছেন বঙ্গভবন সূত্র এরকমটি জানালেও বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত তিনি শপথ নেননি।

উপদেষ্টা ধীরাজ কুমার নাথ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, “আমি যতদূর জানি তিনি ঢাকার বাইরে রয়েছেন।”

শপথ নেওয়ার পরবর্তী প্রতিক্রিয়ায় শফিকুল হক চৌধুরী জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তিনি আশাবাদী।

দুপুর সোয়া দুইটায় আমাদের প্রতিনিধি এহসানুল হক বাবু জানান, নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার বঙ্গভবনে চলে গেছেন। এসময় তিনি কম্পিউটার অপারেটর থেকে শুরু করে যুগ্ম সচিব পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীদেরও বঙ্গভবনে নিয়ে যান।

এসময় বঙ্গভবনে এম আজিজুল হক, ফজলুল হক, ইয়াসমীন মুর্শেদ, ডা. সুফিয়া রহমান, ধীরাজ কুমার নাথ এ পাঁচ উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছিলেন।

আরেক উপদেষ্টা মাহবুবুল আলম অসুস্থতার কারণে বঙ্গভবনে যেতে পারেননি বলে সূত্র জানিয়েছেন।