২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় পুনর্বাসিত হচ্ছেন ১৩ রোহিঙ্গা শরণার্থী

এই প্রথম বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থী বিদেশে পুনর্বাসিত হতে যাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে কানাডা সরকার ১৩ জনকে সেদেশে পুনর্বাসন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের (ইউএনএইচসিআর) জাতীয় সুরক্ষা কর্মকর্তা উত্তম কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ তথ্য জানান।

তিনি জানান, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী আশ্রয় শিবির থেকে ১৩ জন শরণার্থীকে কানাডা সরকার নাগরিকত্ব দিয়ে এ সপ্তাহেই সেদেশে নিয়ে যাচ্ছে।

সোমবার বিকালে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সংস্থার উদ্যোগে আয়োজিত আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি পিয়া প্রিজ ফিরি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বলে উত্তম কুমার দাস জানান।

এরই মধ্যে ১৩ জন শরণার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

জাতিসংঘের আইন অনুযায়ী, শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন, তারা যে দেশে আশ্রয় নিয়েছেন, নাগরিক হিসেবে সে দেশেই অথবা অন্য কোনো দেশে-এই তিনভাবে পুনর্বাসন করা যায়।

মায়ানমারের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ১৯৯২-৯৩ সালে হাজার হাজার রোহিঙ্গা এ দেশের সীমান্ত জেলা কক্সবাজারে আশ্রয় নেন।

ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে এ পর্যন্ত দুই লাখ ৩৭ হাজার শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন।

তবে উখিয়া ও কুতুপালং নামে দুটি আশ্রয় শিবিরে এখনও পুনর্বাসনের অপেক্ষায় আছেন আরও প্রায় ২৬ হাজার শরণার্থী।