‘চার উপদেষ্টা পদত্যাগ করলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব’
তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগের ঘটনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না বলে মনে করছেন বাকি প্রায় সব উপদেষ্টা। এদের মধ্যে চারজন মনে করেন, বর্তমান দল দিয়েই যথাসময়ে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।
চার উপদেষ্টার পদত্যাগের পর সোমবার বিকেল চারটায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বৈঠক করেন ছয় উপদেষ্টা মাহবুবুল আলম, ফজলুল হক, ইয়াসমীন মুর্শেদ, মাহবুবুল আলম, ধীরাজ কুমার নাথ এবং ডা. সুফিয়া রহমান।
চার উপদেষ্টার পদত্যাগের খবরের পর ফজলুল হক ও উপদেষ্টা ইয়াসমীন মুর্শেদ স্বাস্থ্য উপদেষ্টা সুফিয়া রহমানের কার্যালয়ে সোমবার দুপুরে দীর্ঘ সময় বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিচারপতি ফজলুল হক।
চার উপদেষ্টা পদত্যাগ করায় কাজ-কর্মে ব্যঘাত ঘটবে কী না এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সরকারের কাজ ব্যহত হওয়ার কোন সুযোগ নেই। কারও সমস্যা থাকলে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন। এতে কারো কিছু করার নেই।”
রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট প্রসঙ্গে তিনি বলেন, “কোনো দল নির্বাচনে না এলে আমাদের কী করার আছে। আমরা চাইবো সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের।”
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এ বিচারক বলেন, “রাষ্ট্রপতি তাদের অনুরোধ করলে হয়তো তারা পদত্যাগপত্র তুলেও নিতে পারেন। আর যদি পদত্যাগপত্র তুলে না নেন তাহলে শূণ্যতা পূরণে চারজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন।”
সেনা মোতায়েন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত। রাষ্ট্রপতি আমাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং আমাদেরকে অবহিত করেছেন।”
চার উপদেষ্টার পদত্যাগকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করেন না উপদেষ্টা আজিজুল হক। একে সাময়িক সঙ্কট হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এর থেকে উত্তরণ সম্ভব।
নিজ দপ্তরে আজিজুল হক বেলা সোয়া ১২টায় বলেন, “এ পদত্যাগের ফলে সাময়িক সঙ্কট সৃষ্টি হলেও এর থেকে উত্তরণ সম্ভব, এখনও সময় আছে।”
গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা না থাকলে পদত্যাগ করবেন কি-না এ প্রশ্নের জবাবে আজিজুল হক বলেন, “সেটা সময়ই বলে দেবে। কিছু হলে আপনারাও জানতে পারবেন। আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
চার উপদেষ্টার পদত্যাগ তাদের ব্যক্তিগত বিষয় হিসাবে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা ইয়াসমীন মুর্শেদ।
সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “রাজনৈতিক সংকট কাটাতে প্যাকেজ প্রস্তাবের শতকরা ৯০ ভাগ বাস্তবায়ন হয়েছে। বাকি ১০ ভাগও দ্রুত বাস্তবায়ন হবে বলে আমি মনে করি।”
প্যাকেজ নিয়ে জটিলতার বিষয়টি মিডিয়ার সৃষ্টি বলে তিনি মন্তব্য করেন।
চার উপদেষ্টার পদত্যাগে কোনো সংকট সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা রাখতে পারব। সংকট সৃষ্টি হবে বলে আমি মনে করি না।”
উপদেষ্টা সুফিয়া রহমান দাবি করেন, বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না। টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি কোনো সমস্যা দেখছি না। এখনো আমরা যারা আছি তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।”
চার উপদেষ্টার পদত্যাগের কারণ সম্পর্কে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম কিছু জানেন না।
সোমবার আকবর আলি খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগ সম্পর্কে মাহবুবুল আলম সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন, “আমি কি বলতে পারবো, তারা কেন পদত্যাগ করলেন?”
এ বিষয়ে মন্তব্য জানার এখনও সময় হয়নি-একথা জানিয়ে মাহবুবুল আলম বলেন, “কোনো প্রতিক্রিয়া জানাতে হলে আপনাদের ডেকে তা আনুষ্ঠানিকভাবে জানাবো।”
অন্যদিকে, চলমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “চার উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সকালেই জেনেছি। এতে খারাপ লাগছে।”
নিজের পদত্যাগ করার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে কিছু ভাবিনি। বিকাল ৪টায় রাষ্ট্রপতি ডেকেছেন। আপাতত ওখানেই যাব।”
সংকট সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, এটা আপনারাই ভালো বোঝেন।
