২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর দুই হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

সেনা মোতায়েনের প্রথম দিন রোববার এক ঘন্টার ব্যবধানে রাজধানীর দু’টি আবাসিক হোটেলে হামলা চালিয়ে সন্ত্রাসীরা এক কর্মচারীকে হত্যা করেছে। তাদের গুলিতে আহত হন আরো আট জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রমনা থানার মগবাজার এলাকায় মেঘনা ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। এতে হোটেল কর্মচারী আমীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার যাত্রাবাড়ী গ্রামে।

গুলিবিদ্ধ অপর চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছে একই উপজেলার নয়ামাটি গ্রামের মনির হোসেন, ডরপত গ্রামের আলমগীর হোসেন এবং সোনাখালি গ্রামের তারা মিঞা ও নূর মোহাম্মদ।

আহতদের হাসপাতালে ভর্তি করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপর কর্মচারী গুলজার হোসেন বলেন, “তিন-চার সন্ত্রাসী বেলা সাড়ে ১১ টার দিকে ৮২-আউটার সার্কুলার রোডের ওই হোটেলে জোর করে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।”

গুলজার আরো বলেন,“আমীর হোসেনের মৃত্যুর পর সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।” তবে তাদের কাউকে তিনি চিনতে পারেননি ও হামলার কারণও তার জানা নেই বলে তিনি জানান।

এ ব্যাপারে রমনা থানার ওসি ওবায়েদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “চাঁদাবাজিকে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”

তিনি বলেন, কোন কর্মচারী এবং এলাকাবাসী এ ব্যাপারে মুখ খুলছেন না। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এর এক ঘন্টা পর আরেক দল সন্ত্রাসী খিলগাঁও থানার মালিবাগ চৌধুরীপাড়ার ‘সানরাইজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল’-এ ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ম্যানেজারসহ কমপক্ষে চার হোটেল কর্মচারী আহত হন।

আহতরা হচ্ছেন ম্যানেজার সুবল দাস, কর্মচারী আখতার হোসেন, রফিকুল ইসলাম ও কবির হোসেন। তাদের মধ্যে কবিরকে একটি বেসরকারি হাসপাতাল ও অন্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ/ছয় সন্ত্রাসী চারতলা হোটেলটিতে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

খিলগাঁও পুলিশ বলেছে, হামলার কারণ তারা এখনো জানতে পারেনি। কাউকে গ্রেফতারও করা সম্ভব হয়নি।