২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোতায়েনের রাতেই সাভারে সেনা অভিযান

মোতায়েনের পর রোববার প্রথম প্রহরেই সাভারে সেনা সদস্যরা পুলিশের সঙ্গে যৌথ চেকপোস্ট বসিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী যানবাহনে ব্যাপক তল্লাশি চালিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এছাড়া ভোররাতে অভিযান চালানো হয় চারটি বাড়িতে। তবে কাউকে আটক করা হয়নি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান তরফদার জানান, উপজেলা ভবনে স্থাপিত প্রধান ক্যাম্পে ১৫৫ জন সেনা সদস্য রয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “মেজর জাকির হোসেনের নেতৃত্বে এক প্লাটুন সেনা এবং থানা পুলিশ রাত ২টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে চেকপোস্ট বসিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী প্রায় ২৫টি যানবাহনে তল্লাশি চালায়।”

পরে রাত ৪টার দিকে হত্যা মামলার আসামী সোহেল এবং শীর্ষ সন্ত্রাসী কুদ্দুসসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে চারটি বাড়িতে অভিযান চলে।

সাভার ক্যাম্পের প্রধান মেজর জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, রোববার রাতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হয়। তবে সন্ত্রাসীরা বাড়িতে না থাকায় কাউকে ধরা যায়নি।