উত্তরায় স্বর্ণ ডাকাতির ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ
উত্তরার মাসকট প্লাজার চারটি স্বর্ণের দোকান থেকে বুধবার ভোরে লুট হওয়া ১৪০ কেজি স্বর্ণালংকার দুদিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
এর কয়েক ঘন্টা ব্যবধানে একই এলাকায় গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জনতা দুই ছিনতাইকারীকে ধরে ফেললেও পুলিশ এখনও টাকা উদ্ধার করতে পারেনি এবং টাকাসহ পলাতক তৃতীয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারেনি।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ শুকরানা অবশ্য বলেছেন, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও ডাকাতদের ধরতে তিনি ঢাকার বাইরে তিনটি পুলিশ টিম পাঠিয়েছেন।
ব্যবসায়ীদের আন্দোলনের হুমকির মুখে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
উত্তরার মাসকট প্লাজার চারটি স্বর্ণের দোকান থেকে বুধবার ভোরে ১৪০ কেজি স্বর্ণালংকার লুট হয়। এর কয়েক ঘন্টা ব্যবধানে মোটর সাইকেল আরোহী তিন ছিনতাইকারী উত্তরার এক ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেয় আড়াই লাখ টাকা।
স্বর্ণ ডাকাতির ঘটনায় প্রেয়সী জুয়েলার্সের মালিক পুলক সরকার, আইকে জুয়েলার্সের মালিক এমরান চৌধুরী, প্যারোমা জুয়েলার্সের মালিক বাদল মিঞা এবং নিউ কনিকা জুয়েলার্সের মালিক পবিত্র পোদ্দার উত্তরা থানায় বুধবার গভীর রাতে পৃথক চারটি মামলা দায়ের করেছেন।
মামলায় তারা এ ঘটনার জন্য মাসকট প্লাজার বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এসএমএস এর রক্ষীদের দায়ী করেছেন। মার্কেটের সামনে অজ্ঞান পড়ে থাকা দুই নিরাপত্তা রক্ষীকে পুলিশ আটক করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আটক নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, তাদেরকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ডাকাতি করা হয়েছে।
মাসকট প্লাজা ব্যাবসায়ী সমিতির সভাপতি এ জেড আজমল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে আলাপকালে জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরাই এ ঘটনা ঘটিয়েছে।
উত্তরা থানার ওসি সহিদ শুকরানাও একই সন্দেহ পোষণ করে বলেছেন, ঘটনার পর থেকেই দুই
নিরাপত্তা রক্ষী পলাতক রয়েছেন। তিনি বলেন, তাদের ধরতে ঢাকার বাইরে পুলিশ টিম পাঠিয়েছি। তারা ধরা পড়লে সত্য বেরিয়ে আসবে।
অপরদিকে আড়াই লাখ টাকা ছিনতাই ঘটনায় আটক দুইজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। ছাত্রলীগ নেতার নাম খায়রুল ইসলাম। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি জহুরুল হক হল শাখা ছাত্রদল সভাপতির কক্ষে থাকেন। আটক অপর সহযোগী জাহিদ খুলনার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
