নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউর দেড়শ’ প্রতিনিধি
আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউর দেড়শ’ সদস্যের এক প্রতিনিধি দল। এদের মধ্যে ১০ সদস্যের মূল দলটি ১৫ ডিসেম্বর বাংলাদেশে আসতে পারে।
ঢাকায় ইউরোপিয়ান কমিশন (ইসি)-এর এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম)-এর নেতৃত্ব দেবেন ইউরোপিয়ান পার্লামেন্টের একজন সদস্য।
ইইউর দেড়শ’ সদস্য তিনভাগে নির্বাচন পর্যবেক্ষণ মিশনে অংশ নেবে। এর মধ্যে ১০ সদস্যের প্রথম দলটি ১৫ ডিসেম্বর আসবে। এর পর ২৬ ডিসেম্বর আসবে ৪০ সদস্যের দ্বিতীয় দলটি। আর নির্বাচনের দুই থেকে তিনদিন আগে আসবে ১০০ সদস্যের দলটি।
প্রথম ও দ্বিতীয় দলটি নির্বাচনের চার থেকে পাঁচ সপ্তাহ আগে এসে নির্বাচনের পরেও এদেশে অবস্থান করবে। অন্যদিকে শেষ দলটি নির্বাচনের আগে এবং পরে সব মিলিয়ে এক সপ্তাহ থাকবে।
ইসি কর্মকর্তা জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের যে সফরসূচি নির্ধারণ করা হয়েছে তা শেষ মুহূর্তে দুয়েকদিনের জন্য পেছাতে পারে।
