২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসক নিয়োগে নতুন ‘ফিটলিস্ট’ করা হবে: ধীরাজ কুমার নাথ

জেলা প্রশাসক নিয়োগের জন্য নতুন করে আরেক দফা ‘ফিটলিস্ট’ করা হবে, বললেন মৎস্য ও পশুসম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এর আগে বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব আলী ইমাম মজুমদার জেলা প্রশাসকদের জন্য নতুন ‘ফিটলিস্ট’ তৈরির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন।

প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য ধীরাজ কুমার নাথ আরো বলেন, পুলিশ বিভাগসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে পূর্ত মন্ত্রণালয়ে তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রশাসনে বঞ্চিতদের পদোন্নতি ভবিষ্যৎ সরকারের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

ধীরাজ কুমার নাথ জোর দিয়ে বলেন, কারো চাপের মুখে বা কারো দেখিয়ে দেওয়া ‘প্যাকেজ’ অনুসারে এ বদলি প্রক্রিয়া পরিচালিত হচ্ছে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এ পর্যন্ত ১২/১৩টি সচিব পদে পরিবর্তন এনেছে, ৮৪টি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

আগের সরকারের সময় পদোন্নতি বঞ্চিতদের সম্প্রতি পদোন্নতি দেওয়া প্রসঙ্গে ধীরাজ কুমার নাথ বলেন, “সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির নীতিমালা অনুযায়ী যারা যোগ্য তারাই পদোন্নতি পেয়েছেন। ভবিষ্যতে নির্বাচিত সরকার আসার পর তারা এই দৃষ্টান্ত অনুসরণ করতে পারবেন।”

গত সোমবার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ৩৬১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।

এক প্রশ্নের উত্তরে ধীরাজ কুমার নাথ বলেন, চারটি কারণে কোনো কোনো কর্মকর্তা এবারও পদোন্নতি পাননি। এসব কারণের মধ্যে রয়েছে নীতিমালা মোতাবেক যেসব কর্মকর্তা পাশ নম্বর পাননি, কোটা পদ্ধতির কারণে বিসিএস প্রশাসন ছাড়া অন্যান্য ক্যাডারের কয়েকজন কর্মকর্তা বঞ্চিত হয়েছেন, যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা বিচারাধীন রয়েছে এবং পদ অনুযায়ী যাদের জ্যেষ্ঠতা পূরণ হয়নি।