২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে উত্তরা বৈঠকে অংশ নেয়া কর্মকর্তাদের সাক্ষাৎ

উত্তরায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায়িক কার্যালয়ে বৈঠকে অংশ নেয়া প্রশাসনিক কর্মকর্তারা বৃহস্পতিবার নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এ সময় তারা সম্প্রতি সচিবালয়ে দুই ঊর্ধ্বতন সহকারী সচিবের মধ্যকার অপ্রীতিকর ঘটনার প্রতিকার দাবি করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুই ঊর্ধ্বতন সহকারী সচিব লুৎফর রহমান ও ইব্রাহিম হোসেন খানের মধ্যে সেই ঘটনার জের ধরে থানায় মামলাও হয়েছে।

ঢাকার সাবেক কমিশনার এমএ বারী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. এমএ সবুর এবং উপসচিব জাহাঙ্গির আলমের নেতৃত্বে দলটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করেন। সংস্থাপন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা ৫ এর সহকারী সচিব লুতফর রহমানও এ দলে ছিলেন।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় এমএ বারী সাংবাদিকদের বলেন, “এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।”

সাংবাদিকদের অন্য কোনো প্রশ্নের জবাব তারা দেননি।

গত ২৪ নভেম্বর রাতে উত্তরার গোপন বৈঠকের ঘটনায় ৩৫ জন সাবেক ও বর্তমান সরকারি আমলা অংশ নিলেও এ পর্যন্ত মাত্র একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম সালাউদ্দিন নাগরীকে ওএসডি করা হয়েছে। এর বাইরে অন্য কর্মকর্তারা নিজ নিজ পদে বহাল আছেন।