২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রী নিজ বিভাগের প্রভাবশালী শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ এনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিভাগীয় চেয়ারম্যান সৌদা আখতার ১৬ নভেম্বর অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠান। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় প্রশাসন এ ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ২০০৫-০৬ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি হওয়া ওই ছাত্রী লিখিত অভিযোগে বলেন, ভর্তির পর থেকেই গোলাম মোস্তফা তার মোবাইলে ফোন করে ক্যাম্পাসের নিরিবিলি জায়গায় যেতে বলতেন। এরই মধ্যে একদিন শিক্ষকদের কক্ষে ডেকে নিয়ে তিনি তাকে জোর করে চুমু খান।

১২ নভেম্বর শিক্ষক গোলাম মোস্তফা অভিযোগকারী ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আসতে বলেন। কিন্তু তাতে রাজি না হয়ে ছাত্রীটি অভিভাবকদের এসব ঘটনা জানান। এতে ক্ষুব্ধ হয়ে ১৬ নভেম্বর গোলাম মোস্তফা তাকে এক ঘণ্টার মধ্যে বিভাগে নিজের কক্ষে দেখা করতে বলেন। তিনি ছাত্রীটির ভর্তি বাতিলেরও হুমকি দেন।

গোলাম মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শিক্ষক-ছাত্রী সম্পর্ক ছাড়া অভিযোগকারীর সঙ্গে তার অন্য কোনো ধরনের সম্পর্কে নেই। একটি মহল সম্মানহানীর জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

বাংলা বিভাগের সভাপতি ড. সৌদা আখতার লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত কোন কিছু বলতে রাজি হননি।

উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। এ ব্যাপারে বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

প্রগতিশীল ছাত্রজোট ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বুধবার বিকেলে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে। বিবৃতি দিয়েছে জাবি শাখা ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট এবং ছাত্র ফেডারেশন।