২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত বিডিআর কমান্ডারের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৬

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উপকূল থেকে চোরাকারবারীদের হাতে অপহৃত বিডিআরের হাবিলদার জাফর উল্লাহর লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিডিআর সকাল ৯ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে মিয়ানমারের মংডু উপকূল থেকে লাশটি উদ্ধার করে। চোরাকারবারীরা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে সাগরে ফেলে দেয়।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহপরীর দ্বীপ এলাকা থেকে সকালে চোরাকারবারী সিন্ডিকেট প্রধান মো. ইসমাইল মেম্বার, তার ভাই সৈয়দ হোসেনসহ ছয়জনকে আটক করা হয়েছে।

সোমবার বিকালে সার চোরাকারবারী সিন্ডিকেট বিডিআরের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়ির অধিনায়ক হাবিলদার জাফর উল্লাহকে অপহরণ করে গভীর সমুদ্রের উদ্দেশ্যে নিয়ে যায়। টেকনাফের ২৩ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আ ম ম আ কায়সার বলেন, সমুদ্র ও নাফ নদীতে ব্যাপক তল্লাশির পর মিয়ানমারের মংডু উপকূল থেকে অপহৃতের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও বিডিআর সূত্র জানায়, সোমবার সকালে মিয়ানমারের আকিয়াব থেকে নিষিদ্ধ কারেন্ট জালের একটি চালান টেকনাফের সীমান্ত ইউনিয়ন সাবরাংয়ের শাহপরীর দ্বীপের বদর মোকাম এলাকায় পৌঁেছ। কারেন্ট জাল বোঝাই কার্গো ট্রলারটি শাহপরীর দ্বীপের বদর মোকাম উপকূলে নোঙর করার পর তা খালাসের চেষ্টা করা হয়। খবর পেয়ে শাহপরীর দ্বীপ বিডিআর বিওপির কমান্ডার হাবিলদার জাফর উল্লাহর নেতৃত্বে বিডিআরের ৪ সদস্যের একটি দল ওই ট্রলারটি আটক করার জন্য ঘটনাস্থলে যায়। জাফর উল্লাহ প্রথমে ট্রলারটিতে উঠে এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চোরাকারবারী ট্রলারের মাঝি মাল্লারা ট্রলারটি নিয়ে গভীর সমুদ্রের দিকে চলে যায়।

বিডিআরের অন্য সদস্যরা এসময় পেছন থেকে গুলি করতে করতে ট্রলারটিকে ধাওয়া করেও ধরতে পারেনি। বিডিআর ও টেকনাফ উপজেলা প্রশাসন যৌথভাবে ওই বিডিআর কমান্ডারকে উদ্ধারের অভিযান শুরু করে। সোমবার রাত পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে মিয়ানমারের নাসাকা বাহিনীর কাছ থেকে খবর পেয়ে বিডিআরের একটি দল মিয়ানমারের মংডু এলাকা থেকে তার লাশ উদ্ধার করে টেকনাফে নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও টেকনাফ থানার এসআই রণজিৎ বড়ুয়া জানান, জাফরউল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চোরাকারবারীরা তার দু হাতের কবজি কেটে নিয়েছে।

বিডিআর এবং টেকনাফ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ গ্রাম থেকে চোরাকারবারী সিন্ডিকেট প্রধান মোহাম্মদ ইসমাইল মেম্বার, তার ভাই সৈয়দ হোসেন, এজাহার মিয়া মেম্বার, নুরুল আমিন বল্লা, তার দুই সহোদর মো. আলম ও শাহ আলমকে আটক করেছে। তাদেরকে টেকনাফ থানায় পুলিশ, বিডিআর ও গোয়েন্দা সংস্থার লোকজন জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছিল।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে অভিযান চালিয়ে জাফর উল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের পর উত্তরবঙ্গে তার দেশের বাড়িতে লাশ পাঠানো হবে।