২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় নিখোঁজ র‌্যাব সদস্যসহ ৩ জনের লাশ উদ্ধার

মংলায় পশুর নদীতে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধের পর থেকে নিখোঁজ র‌্যাব সদস্য কাঞ্চন পেয়াদারের (৪৫) লাশ সোমবার ভোরে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এছাড়াও উদ্ধার হয়েছে আরও দুই অজ্ঞাত যুবকের লাশ। লাশ দুটি বন্দুকযুদ্ধে নিহত বনদস্যুর হতে পারে বলে পুলিশের ধারণা।

নিখোঁজ র‌্যাব সদস্যের লাশটি সুন্দরবন পূর্ব বিভাগের করমজল টহল ফাঁড়ির বিপরীত পাড়ে পশুর নদীতে জেলেদের জালে আটকে ছিল। তবে তার সঙ্গে থাকা অগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়নি।

ব্যাটালিয়ন আনসারের প্লাটুন কমান্ডার ও র‌্যাব সদস্য কাঞ্চন পেয়াদার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে। তার বাবার নাম রশিদ পেয়াদা।

বাগেরহাট মর্গে নিহতের লাশ ময়না তদন্ত শেষে খুলনাস্থ র‌্যাব-৬ এর দফতরে নিয়ে যাওয়া হয়।

এছাড়া ভোরেই মংলা থানা পুলিশ মংলা ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তারা অন্তত তিন দিন আগে মারা গেছে। ধারনা করা হচ্ছে তারা বনদস্যু দলের সদস্য এবং শুক্রবার রাতের ঘটনায় নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

মংলা থানার ডিউটি অফিসার পিএসআই হাবিব বলেন, শুক্রবারের ঘটনায় র‌্যাব-৬ এর পক্ষ থেকে মংলা থানায় একটি মামলা হয়েছে। অজ্ঞাত যুবকদের লাশের বিষয়ে পুলিশ থানায় একটি জিডি করেছে।

এর আগে রোববার উদ্ধার করা কোস্টগার্ড সদস্য এম.এইচ কবীরের লাশের ময়না তদন্ত যশোর সেনানিবাসে হয়েছে। সোমবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার রাতে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত: চার বনদস্যু ও এক কোস্টগার্ড সদস্য নিহত হয়। এ সময় নিখোঁজ হন র‌্যাব ও কোস্টগার্ডের আরও দুই সদস্য। এছাড়া বনদস্যুদের লাশের হদিশও পাওয়া যায়নি।