২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিক্ষক হত্যার ঘটনায় মামলা, আটক ১

ফরিদপুরে এক শিক্ষককে হত্যার একদিন পর সোমবার নিহতের মা বাদি হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার রাতে সদর উপজেলার গেরদাসাহেব পাড়ায় সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে মীর সাখাওয়াত হোসেন সুমন (২৫) নামের ওই মাদ্রাসা শিক্ষক নিহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই রাতেই একজনকে আটক করে।

একদিন পর নিহতের মা শাহনাজ বেগম একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নাজমুল জানান, “ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে হারান সরকার নামে একজনকে আটক করা হয়েছে।”

পুলিশ আরও জানায়, রোববার রাত ৮টার দিকে সাহেবপাড়া গ্রামে আইনুল উলুম মাদ্রাসার শিক্ষক সুমনকে সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে মাথার পেছনে রিভলবার ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

রাত সোয়া ৮টার দিকে সুমনের লাশ তার বাড়ি থেকে প্রায় দেড়শ গজ দুরে পড়ে থাকতে দেখা যায় বলে এলাকার নৈশ প্রহরী সালাম জানান।