সরকারের সিদ্ধান্তহীনতায় ধ্বংসের পথে দেশের একমাত্র লেদার টেকনোলজি কলেজ
সরকারের সিদ্ধান্তহীনতায় ধ্বংস হতে চলেছে দেশের একমাত্র লেদার টেকনোলজি কলেজ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ১ হাজার ৪০ জন ছাত্র-ছাত্রীর ভবিষ্যত।
চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ২৭ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালে ঢাকার হাজারীবাগে লেদার টেকনোলজি কলেজে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদী বিএসসি ইন লেদার টেকনোলজি কোর্স চালু হয়। দেশের ক্রমবিকাশমান চামড়া শিল্পে দক্ষ জনবলের চাহিদার কথা বিবেচনা করে সরকার ‘বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির সংস্কার অধুনিকীকরণ ও পুনর্গঠন’ প্রকল্পের আওতায় ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে বিএসসি ইন ফুটওয়্যার টেকনোলজি ও বিএসসি ইন লেদার প্রডাক্টস টেকনোলজি নামে আরও দুটি কোর্স চালু করা হয়।
এই প্রকল্পের আওতায় ২০০০ সাল থেকে ২০০৩ সালের মধ্যে তিন ধাপে মোট ৮৩ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ দেওয়া হয়। সেইসঙ্গে কলেজটির সংস্কার ও আধুনিকীকরণের জন্য ৭০ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। যার মধ্যে ৪২ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি এবং ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে করে কলেজের ২১ জন শিক্ষককে কোর্স পরিচালনার উপযোগী করতে যুক্তরাজ্য ও ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।
২০০৫ সালের ২০ জুন সংস্থাপন মন্ত্রণালয় প্রজ্ঞাপন (এসআরও নং ১৮৪-আইন/২০০৫/সম/বিধি-১/এস-৯/২০০০) জারি করে ১ জানুয়ারি ১৯৯৬ থেকে ৩১ ডিসেম্বর ২০০৪ সালের মধ্যে শুরু হওয়া এবং সমাপ্তকৃত সকল উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর বন্ধ করে দেয়। অর্থাৎ প্রজ্ঞাপন জারির সময় থেকে ‘বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির সংস্কার আধুনিকীকরণ ও পুনর্গঠন’ প্রকল্পের আওতায় নিয়োগকৃত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের চাকরি নেই।
নতুন করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ না করে সরকারের এই সিদ্ধান্তে অনিশ্চয়তা দেখা দেয় ১ হাজার ৪০ ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবনে। প্রকল্পের শিক্ষক ছাড়া কলেজে কোনো শিক্ষকও নেই।
“ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের চাকরি নেই জেনেও দীর্ঘ ১৭ মাস ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছি। গত নভেম্বরেও একটা ব্যাচের কোর্স শেষ করে দিয়েছি। তারা এখন বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছে। অথচ আমরা আজ না খেয়ে আছি।”
এভাবেই তাদের কষ্টের বর্ণনা দিলেন কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মোতালেব।
অধ্যাপক আরও বলেন, “বিগত সরকারের শেষদিকে বিশেষ ছাড় দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের কয়েক হাজার পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪৪ হাজার পদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৩ হাজার পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৭২২ টি পদ রাজস্ব খাতে স্থানান্তর করলেও আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।”
বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির শিক্ষক সমিতির সভাপতি কোরায়শী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌখিক আশ্বাস ছাড়া কর্তৃপক্ষ ১৮ মাস পরেও এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যার ওপর ভিত্তি করে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবো। আমরা দীর্ঘদিন বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবশেষে বাধ্য হয়ে কর্মবিরতির পথে গিয়েছি।”
উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর প্রসঙ্গে ২০০২ সালের ৭ মে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব (অম/অবি/উ-১/বিবিধ-৫২/৯৬-অংশ-২) উল্লেখ করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ আলী বলেন, “দেশের বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সকল ধরনের প্রযুক্তি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষে স্থাপিত হয়েছে, সে সকল প্রকল্পের কার্যক্রম রাজস্ব খাতে স্থানান্তর না করলে তার উদ্দেশ্যই ব্যাহত হয়। তাই সেসব প্রকল্পের লোকবল রাজস্ব খাতে স্থানান্তর অপরিহার্য। কিন্তু এরপরও আমাদের চাকরি রাজস্ব খাতে নেওয়া হচ্ছে না।”
এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খাঁন রিজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমি ব্যক্তিগতভাবে মন্ত্রণালয়, ডিজিসহ বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করেছি বিষয়টির সুরাহা করার জন্য। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তারপরও নিয়ম-নীতির মধ্যে থেকে যতটা করা সম্ভব আমি তা করবো। এসব শিক্ষক সবাই প্রশিক্ষিত এবং দক্ষ। তারা চলে গেলে আমাদের খুবই ক্ষতি হবে।”
ড. রিজাউল আরও বলেন, “নির্বাচিত কোনো সরকার না থাকায় কেউই দায়িত্ব নিয়ে কাজ করতে চাচ্ছেন না।”
লেদার প্রডাক্টস টেকনোলজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবির হোসেন বলেন, “দীর্ঘদিন হলো আমরা ক্লাস করতে পারছি না। এ সমস্যার সমাধান যত তাড়াতাড়ি হয় আমাদের জন্য ততই মঙ্গল।”
কলেজের একটি সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম খানের সঙ্গে তাদের কথা হয়েছে। যুগ্ম সচিব তাদেরকে আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার ব্যবস্থা করবেন।
