২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে বিচ্ছিন্ন সহিংসতায় সিলেটে নিহত ১

বিচ্ছিন্ন সহিংসতা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি চলছে। আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় একজন নিহত এবং ২৭ জন গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এ ছাড়া সকালে রাজধানীর বাড্ডা, মহাখালী ও মিরপুরে বেশ কয়েকটি বাস ও বেবী ট্যাক্সি ভাংচুর হয়েছে। দুপুের রাসেল স্কোয়ার ও কলাবাগানের মধ্যবর্তী ক্যাপিটাল প্লাজার সামনে একটি প্রাইভেট কার জ্বালিয়ে দেওয়া হয়। এর আগে মিরপুর-১০ এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের হালকা সংঘর্ষ হয়। অবরোধকারীদের ইটের আঘাতে পুলিশের এক কনস্টেবল মাথায় আঘাত পেলে তাকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়। এসময় পুলিশ ছয় সাতজন অবরোধকারীকে আটক করে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগসহ নির্বাচন কমিশন পুনর্গঠন এবং তফসিল বাতিলসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে ১৪ দল। (আরও তথ্যসহ-১)

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আমাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকরা জানান, অবরোধকারীরা সকালে রাজধানীর বাড্ডায় মার্কিন দূতাবাসের সামনে তিনটি বাস এবং মহাখালি বাস টার্মিনালের কাছে তিন/চারটি বাস ও বেবি ট্যাক্সি ভাংচুর করে। বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা নূর হোসেন স্কোয়ারের কাছে বিআরটিসির একটি বাস ভাংচুর করে। দুপুর ২টার দিকে রাসেল স্কোয়ারের কাছে কলাবাগানে একটি প্রাইভেট কার জ্বালিয়ে দেয়া হয়।

সিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি জানান, বিশ্বনাথ উপজেলার নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে আনোয়ার হোসেন (২৫) নামে স্থানীয় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ২৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৫০ জনেরও বেশি।

বিএনপি দলীয় সাবেক সাংসদ ইলিয়াস আলী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহিবুর রহমান গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষে ২৭ জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ইলিয়াস গ্রুপের নেতাকর্মীরা মুহিবুর রহমানের বাড়িতে হামলা চালায়। বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত উভয় পক্ষে দেড় ঘন্টা সংঘর্ষ হয়। এসময় দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনের পেটে গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সে মারা যায়। তার বাড়ি দশঘর ইউনিয়নের বাউশি গ্রামে। বাবার নাম তফাজ্জল হোসেন।

এ ব্যাপারে মুহিবুর রহমান জানিয়েছেন, পূর্ব পরিকল্পিতভাবে অবরোধ চলাকালে ইলিয়াস আলীর লোকজন এ হামলা চালিয়েছে। তবে ইলিয়াস আলী নিজে এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। দুপুর ৩ টা পর্যন্ত কোন মামলা হয়নি। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

অবরোধের কারণে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গেও সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বন্দর কার্যত কোনো কাজ হয়নি। পণ্য বাইরে বের করা যায়নি যানবাহন বন্ধ থাকায়। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ভেতরেপণ্য উঠানামার কাজ চলছে।

এদিকে অবরোধের অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর রাসেল স্কোয়ার, সোবহানবাগ, পুরানা পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, নূর হোসেন স্কোয়ার, মিরপুর, মহাখালি, মতিঝিল, দৈনিক বাংলা মোড় ও সায়েদাবাদসহ বিভিন্ন জায়গায় জড়ো হন ১৪ দলের নেতাকর্মীরা। তারা ওইসব এলাকায় সমাবেশ, বক্তৃতা ও খন্ড খন্ড মিছিলসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

অবরোধকারীরা এসব জায়গায় অবস্থানের পাশাপাশি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তৃতার পাশাপাশি গান-বাজনা চালিয়ে যাচ্ছেন। অবরোধ কর্মসূচি সফল করার জন্য রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ দেয় সমাবেশগুলোতে।

অবরোধের কারণে রাস্তায় যানবাহন চলাচল করছে না বললেই চলে। ভিআইপি রোডে কেবল দু’একটি বাস ও সিএনজি চালিত বেবি ট্যাক্সি চলাচল করতে দেখা গেছে। রাজধানীর ভিআইপি রোডসহ সব রাস্তাই রিকশার দখলে। তবে দূরের যাত্রীরা যানবাহনের অভাবে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

ঢাকা থেকে দুরপাল্লার কোনো ধরনের বাস, ট্রাক ছেড়ে যায়নি। কিছু লঞ্চ চলেছে তবে ট্রেনও চলাচল স্বাভাবিক ছিল। অবরোধ কর্মসূচির কারণে ব্যবসা, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বড় বড় শপিং সেন্টার বন্ধ রয়েছে।

এদিকে বিডিআর ও র‌্যাবের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশে।