চরম দারিদ্র্য দূরীকরণে আরও কার্যকর পদ্ধতি চান আকবর আলি
ক্ষুদ্রঋণ খুবই কার্যকর হিসেবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা আকবর আলি খান বলেছেন চরম দারিদ্র্য দূরীকরণের জন্য আরও কার্যকর পদ্ধতি উদ্ভাবন করতে হবে।
রোববার ব্র্যাক সেন্টার ইনে ‘চরম দরিদ্রদের জন্য কোনটি কার্যকর: জ্ঞান, রাজনীতি এবং অনুশীলন’ র্শীষক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “অতি দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ক্ষুদ্রঋণের কার্যকারিতা প্রমাণিত। কিন্তু তা যথেষ্ট নয়।”
দারিদ্র্য দূরীকরণে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অবদানের প্রশংসা করে তিনি বলেন, “ইউনূসেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।”
“অতি দরিদ্রদের একটি পরিসংখ্যানগত উপাত্ত হিসেবে ধরে আমরা অনেক বেশি কথা বলি। কিন্তু অতি দরিদ্র ও মাঝারি দরিদ্রদের মধ্যকার সামাজিক সম্পর্ক নিয়ে আমরা ততোটা জানি না। দরিদ্রদের মাঝেও শোষণ রয়েছে। কম দরিদ্ররা বেশি দরিদ্রদের শোষণ করছে।”
“দারিদ্র্য সবসময় সমপ্রকৃতির নয়। দারিদ্র্যের স্বরূপ বিচিত্র। তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো দারিদ্র বিমোচন প্রত্রিয়ায় যুক্ত না হলে সরকারের একার পক্ষে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। আমরা যদি দেশকে ক্ষুধামুক্ত করতে না পারি তাহলে অতি দরিদ্রের সমস্যাটি সমাধান করা সম্ভব হবে না।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন বলেছেন, “গত ৩৫ বছর ধরে কানাডার অন্যতম বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ। উন্নয়নের লক্ষ্যে আমাদের কাজ এখানে অব্যাহত থাকবে। দারিদ্র্যদূরীকরণে বাস্তবসম্মত অবদান রাখতে একসঙ্গে কাজ করে যাচ্ছি আমরা।”
“বাংলাদেশে গড়পরতা দারিদ্র্যের হার এখনও অনেক উঁচুতে রয়ে গেছে। টেকসই দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে জ্ঞান বিনিময় অত্যন্ত জরুরি। বাংলাদেশের জনগণ এবং সরকার অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলেও তিনি মন্তব্য করেন।”
উদ্বোধনী অধিবেশনে ব্রিটেনের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড হিউলমে বলেন, “দরিদ্রতমদের সহায়তা করতে হলে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হলে আমাদের যে মূল্য দিতে হবে তা হলো অর্থ। কিন্তু তাদেরকে এ সহায়তা না দিলে আমাদের যে মূল্য দিতে হবে তা অনেক বেশি মারাত্মক। তা হলো, চোখের সামনে নিরাময়যোগ্য রোগে হাজার হাজার মানুষের মৃত্যু, অপুষ্ট শিশু আর সমাজে নিরক্ষর বয়স্কদের বোঝা।”
ইউএনডিপির ব্যুরো অফ ডেভেলপমেন্ট পলিসির ‘এমপ্লয়মেন্ট ফর পোভার্টি রিডাকশন’ এর সিনিয়র উপদেষ্টা সেলিম জাহানের মতে উন্নয়ন গবেষণার নীতি এবং কার্যক্রমগুলো সবসময়ই ‘দারিদ্র্যের’ দিকে বেশি নজর দিয়েছে এবং ‘চরম দারিদ্র্য’ এবং ‘চিরস্থায়ী বা উপুর্যপরি দারিদ্র্য’ বিষয়টিকে কম গুরুত্ব দিয়েছে। ফলে দরিদ্রদের মধ্যে সবচেয়ে দরিদ্ররা সবসময়ই এসব কার্যক্রমের সুফল বঞ্চিত রয়ে গেছে।
“আমরা যদি বাংলাদেশের আজকের দারিদ্র্যের স্থিতি বুঝতে চাই তাহলে আমাদেরকে এর রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকাতে হবে। দারিদ্র্য যতোটা অর্থনৈতিক ততোটাই রাজনৈতিক বিষয়। বাংলাদেশের মানুষদের যে রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন ছিল তা তারা পায়নি,” ব্রিটেনের সাসেক্স ভিত্তিক ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক নায়লা কবির বলেন।
উদ্বোধনী অধিবেশনের সভাপতি ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ এ সম্মেলনের আয়োজক দেশ হিসেব বাংলাদেশের প্রশংসা করে বলেন, “আমরা চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সাফল্যের সঙ্গে টিকে থাকা এবং দারিদ্র মোকাবেলায় নতুন কৌশল ও ধারণার ক্ষেত্রে বিশ্বে সম্মুখসারিতে অবস্থান করে নিয়েছি।”
দরিদ্রতমদের জীবনমান উন্নয়নে সাহায্য করতে সরকার, এনজিও ও সাহায্য সংস্থাগুলোকে সহায়তা দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এ আন্তর্জাতিক সম্মেলনের। ক্রনিক পোভার্টি রিসার্চ সেন্টার এবং ম্যানচেস্টার ইউনিভার্সিটির দি ব্রুকস ওয়ার্ল্ড পোভার্টি ইনস্টিটিউটের সহযোগিতায় ব্র্যাক এ সম্মেলনের আয়োজন করে।
কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি ও দি আগা খান ফাউন্ডেশন-কানাডা এ সম্মেলনে আয়োজনে সহায়তা দেয়। ব্র্যাকের প্রোগ্রাম ফর দি আলট্রা পুওর ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সঙ্গে কানাডার সংস্থাগুলোর ‘জ্ঞান বিনিময়’ কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।
দারিদ্র্য নিরসনের নতুন ধারণা এবং জ্ঞান সৃষ্টির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে তিন দিনের এ সম্মেলনের আয়োজন করা হয়। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, ইউরোপ এবং উত্তর আমেরিকার প্রায় ২০টি দেশের ২০০ প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
