বিএনপি ও জাতীয় পাটির্র কয়েক শ’ নেতাকর্মী এলডিপিতে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির নির্বাহী সভাপতি অলি আহমেদ বলেছেন, দেশের এই দুঃসময়ে সেনাবাহিনীর চুপ করে ব্যারাকে বসে থাকা উচিত নয়। একাত্তর ও নব্বইয়ে সেনাবাহিনী যে রকম ভূমিকা নিয়ে জাতিকে উদ্ধার করেছে এখনও দেশ ও গণতন্ত্র রক্ষায় তাদের অবদান রাখা উচিত।
এদিকে সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টির কয়েক শ’ নেতাকর্মী এলডিপিতে যোগ দেন।
টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা মাঠে শনিবার বিকেলে জেলা এলডিপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে অলি আহমেদ বলেন, খালেদা জিয়া ও তার পুত্র যদি ভেবে থাকেন তাদের আঁকা ছকে দেশে নির্বাচন হবে তবে তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন।
জেলা সমন্বয়কারী ডা. নাজিম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলডিপি মহাসচিব আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা শাহাদত হোসেন সেলিম, শাহ আহম্মেদ বাদল প্রমুখ।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, তিনি দম দেওয়া পুতুলের মতো বসে থাকেন। না হাসেন, না কাঁদেন। কথা বলার সময় কী বুঝেছেন কী বুঝেননি তাও বোঝা যায় না। খালেদা জিয়ার নয়, ১৪ কোটি মানুষের রাষ্ট্রপতি হোন অথবা দৃশ্যপট থেকে বিদায় নেন।
আবদুল মান্নান বলেন, বর্তমান ভারপ্রাপ্ত সিইসি মাহফুজ দুই আজিজের বাপ।
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজ উদ্দিনকে “ইয়েস” উদ্দিন আখ্যা দিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন ছাড়া এ দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এক সময় অধ্যাপনা করেছেন, বেইজ্জত হতে না চাইলে আগেভাগেই সরে পড়ুন।
