২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি চায়ের আমন্ত্রণ গ্রহণ করছেন দুই নেত্রী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের চায়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তারা শনিবার বিকেলে বঙ্গভবনে যেতে পারেন বলে দুই নেত্রীর কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 12:24 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

তবে শেখ হাসিনা বঙ্গভবনে যেতে চান খালেদা জিয়ার পরে ।

বঙ্গভবন সূত্রে শনিবার দুপুরে জানা গেছে, শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক বিকেল ৫ টায় হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ সূত্রগুলো বলছে এ বৈঠক সাড়ে পাঁচটায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রপতির বৈটখ সন্ধ্যে সাতটার পরে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

রাষ্ট্রপতির দু’জন সহযোগী শুক্রবার রাতে দুই নেত্রীকে টেলিফোন করে আনুষ্ঠানিকভাবে তাদের আমন্ত্রণ জানান বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতির তথ্য উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী টেলিফোন করেন শেখ হাসিনাকে। আর বঙ্গভবনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদা জিয়াকে ফোন করেন। তবে সূত্র তার নাম বলতে অস্বীকৃতি জানান।

সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রীকে বিকেল ৪টায় বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে মোখলেস চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি শনিবার কী কী কাজ করবেন তা তিনি বিস্তারিত জানাবেন না। তবে তিনি বলেন, রাষ্ট্রপতি সকালে ‘ব্যস্ত’ থাকবেন। এর অর্থ হলো, দুই নেত্রীকে শেষ বিকেলে কিংবা সন্ধ্যার দিকে চায়ের নিমন্ত্রণ জানানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসিনা বঙ্গভবনে যেতে আগ্রহী।

ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেননও হাসিনার বঙ্গভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, “তিনি বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিএনপি নেত্রী যাওয়ার পরেই তিনি যাবেন।”

এদিকে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবরোধসহ রাজপথের আন্দোলন থেকে সরিয়ে আনতে ‘বেশি ছাড়’ দিতে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একটি সূত্র। শেখ হাসিনা প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার দাবি জানানোয় রাষ্ট্রপতি তাকে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে কিছু ছাড় দিতে পারেন বলে বঙ্গভবন সূত্র জানিয়েছেন।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাদের বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, রাজনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা হিসেবে রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আলাদা আলাদাভাবে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানাবেন।

তিনি আরও জানান, তারা নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।

তবে তিনি বলেন, “ নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

ওই বৈঠকে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ উপস্থিত ছিলেন না।

নির্বাচন কমিশনারদের অপসারণ করা হবে কিনা, সে প্রশ্নের জবাব এড়িয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের তিন মাসের ছুটিতে যাওয়া একটি ‘অর্জন’।