২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির অপসারণ দাবি করেছেন আইনজীবীরা

নিরপেক্ষতা হারানোর অভিযোগ এনে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর অপসারণ দাবি করেছেন দেশের শীর্ষ দুই আইনজীবী সংগঠনসহ আইনজীবী নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আইনজীবীরা এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের পদ গ্রহণকে চ্যালেঞ্জ করে দায়ের করা তিনটি মামলার রিটকারী, বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা যৌথভাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম আমিনউদ্দিন রাতে জানিয়েছেন, আইনজীবীরা প্রধান বিচারপতির আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এবং অন্য বিচারকদেরও তার সঙ্গে না বসতে অনুরোধ করেছেন।

তারা প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনসহ সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানান।

ইতোমধ্যেই এ আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে সিলেট আইনজীবী সমিতির নৈশভোজে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতিকে যোগদান না করার অনুরোধ জানানো হয়েছে।