বঙ্গভবন ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত
চৌদ্দ দলীয় জোটসহ জাতীয় পার্টি, এলডিপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট এবং জাকের পার্টিসহ কয়েকটি দলের বৃহস্পতিবার বঙ্গভবন ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নির্বাচনের নতুন তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা সংশোধন, দলীয় ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩০০ নির্বাচনী কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে নগরীর এগারটি পয়েন্টে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি পালিত হয়।
চৌদ্দ দলের মূল মঞ্চ তৈরি করা হয় গুলিস্তান মোড়ে। গুলিস্তানের মনু মিয়া ভাস্কর্যের সামনে মহানগর ১৪ দল আরেকটি মঞ্চ তৈরি করে। গণফোরাম মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে। মহানগর নাট্যমঞ্চের সামনে পুলিশের ব্যারিকেড ঘেঁষে মঞ্চ করে যুব সংগ্রাম পরিষদ।
চৌদ্দ দলের কেন্দ্রীয় নেতারা সব মঞ্চে ঘুরে ঘুরে বক্তৃতা করেন।
দৈনিক বাংলা মোড় মঞ্চে আব্দুর রাজ্জাক রাজ্জাক, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন ও ওবায়দুল কাদেরসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
১৪ দলের নেতারা বলছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না। ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন জনগণ মেনে নেবে না। তারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে ১৪ দল আগামী নির্বাচনে অংশ নেবে না। তারা অভিযোগ করেন, রাষ্ট্রপতি হাওয়া ভবনের নির্দেশে দায়িত্ব পালন করছেন।
চৌদ্দ দল আগামী শনিবার পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারকে সময় বেধে দিয়েছে। এ সময়ের মধ্যে দাবি না মানলে রোববার থেকে আবারও লাগাতার অবরোধ শুরু হবে।
এদিকে সকাল ১০টা থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে থাকে। কর্মসূচি চলাকালে তরিকত ফেডারেশন, এলডিপি, জাসদ, ওয়াকার্স পার্টিসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো মিছিল নিয়ে আসে এবং বঙ্গবন্ধু এভিনিউ ও গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে।
বঙ্গভবনের নিরাপত্তা রক্ষায় কয়েক হাজার পুলিশ দায়িত্ব পালন করে। এছাড়া বঙ্গভবনে প্রবেশের সব কয়টি রাস্তা বুধবার রাতেই বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে দৈনিক বাংলা মোড়, জীবনবীমা ভবন, ইত্তেফাক মোড়, জয়কালী মন্দিরের সামনে, দিলখুশার প্রবেশ মুখে, আর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যত নিজেরাই বঙ্গভবন ও আশেপাশের এলাকা অবরুদ্ধ করে রাখে।
