২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের বিশেষ দূত ঢাকা আসছেন বুধবার

বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব কফি আনান শীর্ষস্থানীয় এক কর্মকর্তাকে বুধবার ঢাকা পাঠাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, “আগামী নির্বাচন যাতে বাংলাদেশের জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারে, সে জন্য শান্তি ও স্বচ্ছতাপূর্ণ পরিবেশের ওপর তিনি গুরুত্ব দিতে চান।”

জাতিসংঘ নির্বাচনী সহযোগিতা বিভাগের পরিচালক ক্রেইগ জিনেস বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তিনি নির্বাচনী প্রক্রিয়ায় “জাতিসংঘের অব্যাহত সহযোগিতার প্রস্তাব” দেবেন বলে তার এক মুখপাত্র জানিয়েছেন।

বিবৃতির বরাত দিয়ে ওই মুখপাত্র জানান, মহাসচিব উদ্বেগের সঙ্গে বাংলাদেশের ঘটনাবলীর ওপর নজর রাখছেন।

বিশেষ এই দূত তত্ত্বাবধায়ক সরকার প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা, নির্বাচন কমিশন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে জাতিসংঘ মহাসচিব জাতির কল্যাণ এবং গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী কার্যক্রমের ব্যাপারে একটি অভিন্ন অবস্থান নেয়ার উপায় খুঁজে বের করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইএনডিপি) এক মুখপাত্র জানিয়েছেন, সফর শেষে এই বিশেষ দূত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।