সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টে বহাল
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। জানাচ্ছেন অমিত তালুকদার।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ছয় জঙ্গির দায়ের করা জেল আবেদন ও আপিল মঙ্গলবার খারিজ করে দেওয়া হয়।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে গঠিত সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ তিন কার্যদিবস শুনানি গ্রহণ করে এ রায় প্রদান করে।
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী দলের বোমা হামলায় ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের পর ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদ এ বছরের মে মাসের ২৯ তারিখ শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার হাসান আল মামুন ও আসাদুল ইসলাম আরিফ (পলাতক) কে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে জঙ্গিরা আপিল না করলেও তাদের ডেথ রেফারেন্সের ওপর অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হয় হাইকোর্টে। হাইকোর্ট গত ৩১ আগস্ট জঙ্গিদের ফাঁসির আদেশ বহাল রাখে।
গ্রেপ্তারের পর জঙ্গিরা প্রচলিত আদালতে বিচার না চাওয়ার কথা জানালেও ২১ সেপ্টেম্বর তাদের মৃত্যুপরোয়ানা জারি হওয়ার পর একে একে আপিল করেন তারা। সুপ্রিমকোর্টের বিধান অনুযায়ী তাদের ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যায়। এরপর আপিল বিভাগে শুরু হয় জঙ্গিদের জেল পিটিশন ও আপিলের শুনানি। তিন কার্যদিবস শুনানি শেষে আদালত ‘আপিলগুলো খারিজ’ এ দুই শব্দে রায় প্রদান করে।
সরকার পক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান বলেন,“এখন সুপ্রিম কোর্ট থেকে এ রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষকে পাঠানো হবে। ফাঁসি কার্যকরের পুরো এখতিয়ার এখন জেল কর্তৃপক্ষের। তবে জঙ্গিরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ পাবেন। সমস্ত প্রক্রিয়া শেষ হলে দুমাসের মধ্যে তাদের ফাঁসি কার্যকর হবে।”
এদিকে ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হক বলেন, “জঙ্গিদের সাদা কাগজে লেখা দরখাস্ত যথাযথ আপিলই ছিল না বলে এ রায় রিভিউ করার সুযোগ নেই। তবে আগামী ১৫ দিনের মধ্যে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবে। সাতদিনের মধ্যে রাষ্ট্রপতি সিদ্ধান্ত না দিলে বা নাকচ করে দিলে জঙ্গিদের ফাঁসি কার্যকর করা হবে।”
